করোনা ধীরে ধীরে মহামারির আকার নিয়েছে বিশ্বে। সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বর্তমানে ১৭ হাজার ছাড়িয়েছে। ভারতে আজ নতুন করে ২০ জন আক্রান্ত হয়েছেন, এখন ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৯ জন। সেরে উঠেছেন ৪০ জন। কলকাতায় আজ নতুন করে দুজন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এই মুহূর্তে রাজনৈতিক ভেদাভেদ ভুলে করোনাকে রুখতে রাজ্যে একজোট হয়ে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। তবুও বিজেপির তৎপরতা বেশি চোখে পড়ছে এই করোনা ভাইরাস প্রতিহত করার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত যেসকল সাংসদ নিজেদের সাংসদ তহবিল থেকে আপৎকালীন ভিত্তিতে টাকা অনুমোদন করছেন তাঁরা সকলেই বিজেপির।
এবার ঝাড়গ্রাম নির্বাচনক্ষেত্রের জন্য পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদন করলেন সাংসদ কুনার হেমব্রম। মঙ্গলবার এই মর্মে তিনি চিঠি দেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসককে। এই পঞ্চাশ লক্ষ টাকা যেন আপৎকালীন ভিত্তিতে করোনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে ব্যবহার করা হয়, চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন তিনি।
ঝাড়গ্রাম জেলার অনেকাংশ এখনও গ্রামাঞ্চল। সেখানে উন্নত ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স, কোয়ারেন্টাইন হাসপাতাল, মাস্ক ও স্যানিটাইজার ইত্যাদি বিভিন্ন জিনিস প্রচুর পরিমাণে প্রয়োজন। এই টাকা সেইসকল জিনিসপত্র কিনতেই ব্যবহার করার কথা বলেছেন জেলাশাসককে।
এই খবর প্রকাশ্যে আসতেই ঝাড়গ্রামের মানুষ সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন। এই পরিস্থিতিতে এইসকল
স্বাস্থ্য সরঞ্জাম সত্যিই প্রয়োজন। তাতে এলাকার বাসিন্দারা সুরক্ষিত থাকবেন। করোনা প্রতিরোধে একজোট হয়ে লড়তে হবে সকলকেই।





