পুরুলিয়াবাসীর জন্য সাংসদ তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদন করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো

একের পর এক প্রাণ ছিনিয়ে নিচ্ছে করোনা। বিশ্বে এই ভাইরাসের কারণে মারা গিয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ। এখনও থামানো যাচ্ছে না করোনার প্রকোপ। ভারতের মত উন্নয়নশীল দেশে করোনা হানা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৫৩৯। মৃত ১০। রাজ্যে আক্রান্ত হয়েছেন নয়জন। মৃত ১।

কলকাতা শহরে কিছুটা হলেও করোনা হানা ঠেকানোর উপায় বড় বড় হাসপাতালগুলি বার করেছে কিন্তু জেলার অবস্থা কী? বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়ার মত জেলাগুলোতে করোনা পরীক্ষার কিট নেই, অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও নেই। এই পরিস্থিতিতে করোনা ঠেকাতে নিজের সাংসদ তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদন করেছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

পুরুলিয়ার স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য এই টাকা তিনি অনুমোদন করেছেন, পুরুলিয়ার জেলাশাসক যাতে জরুরি ভিত্তিতে এই টাকা স্বাস্থ্য খাতে কাজে লাগান তারও নির্দেশ দিয়েছেন তিনি।

পুরুলিয়ার জেলার অনেকাংশ এখনও গ্রামাঞ্চল। সেখানে উন্নত ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স, কোয়ারেন্টাইন হাসপাতাল, মাস্ক ও স্যানিটাইজার ইত্যাদি বিভিন্ন জিনিস প্রচুর পরিমাণে প্রয়োজন। এই টাকা সেইসকল জিনিসপত্র কিনতেই ব্যবহার হবে বলে জানা গিয়েছে।

এই খবর প্রকাশ্যে আসতেই এলাকার মানুষ সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন। এই পরিস্থিতিতে এইসকল স্বাস্থ্য সরঞ্জাম সত্যিই প্রয়োজন। তাতে এলাকার বাসিন্দারা সুরক্ষিত থাকবেন। করোনা প্রতিরোধে একজোট হয়ে লড়তে হবে সকলকেই। সাংসদরা সেখানে টাকা অনুমোদন করলে লড়াইটা অনেকটাই সহজ হয়ে যায় বলে বলছেন এলাকার বাসিন্দারা।

RELATED Articles

Leave a Comment