লকডাউনের মধ্যে দুধ কিনতে বেরনোর ‘শাস্তি’ পেল এক বছর ৩১ এর যুবক। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের বানিপুর এলাকায়। যদিও গোটা বিষয়টি ভিত্তিহীন, বলে দাবি করেছেন পুলিশ কর্তারা।
জানা গিয়েছে, হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা লাল স্বামী, বুধবার সন্ধেয় দুধ কিনতে বেড়িয়েছিলেন। তাঁর স্ত্রীর অভিযোগ, সেই সময় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁর পথ আটকায় এবং রাস্তায় পুলিশ লাঠিচার্জ শুরু করে। গুরুতর জখম হন লাল। সত্ত্বর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি পুলিশের। এ প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ রাজ মুখোপাধ্যায় বলেন, “ওই যুবক আগেই অসুস্থ ছিলেন। এরমধ্যে বাথরুমে পড়ে গিয়েছিলেন তাতেই গুরুতম জখম হন। এতে কোনভাবেই পুলিশ লাঠিচার্জের ঘটনা করেনি।”
প্রসঙ্গত, করোনার ত্রাসে গোটা বিশ্ব। এদেশেও থাবা বসিয়েছে মারণভাইরাস। সময়ের সাথে সাথে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হারও উর্ধমুখী। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় তাই আগে থেকে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকারগুলি। পরে কেন্দ্রের তরফেও দেশজুড়ে বুধবার থেকে লকডাউন শুরু হয়। পরিবারের স্বার্থে আগামী ২১ দিন সকলকে ঘরে থাকার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিও এই সুযোগে একাধিক জায়গায় প্রশাসনের অতি সক্রিয়তার অভিযোগ আসছে। গতকাল প্রশাসনের এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী কিন্তু তারপরেও যে প্রশাসনের হুঁশ ফেরেনি এটি এই ঘটনায় প্রমাণিত।






