লকডাউনের জন্য সমস্যায় পড়েছেন জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ। তাই এবার তাদের সুবিধার্থে কিছু পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। জরুরি পরিষেবার কথা মাথায় রেখে কয়েকটি বিশেষ রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। সোমবার বিকেল থেকে পশ্চিমবঙ্গ লকডাউন ঘোষণা করেছে। কিন্তু তা সত্ত্বেও জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের কাজে বেরতেই হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্যে ওই রুটগুলিতে বাস চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহণ দফতর সুত্রে। তবে এই রুটগুলি শুধুমাত্র জরুরি পরিষেবার জন্যেই। সেই সঙ্গে কলকাতায় অনলাইন অ্যাপ ক্যাবও চলবে সীমিত সংখ্যায়, একমাত্র জরুরি এবং অপরিহার্য যাতায়াতের জন্য।
আপাতত ৬টি রুটে এই পরিষেবা চালু থাকছে। যেহেতু বিমান পরিষেবা বন্ধ, তাই বিমানবন্দর থেকে আর বাস চালানো হচ্ছে না। এখন যে রুটগুলি চালু থাকবে, তা হল— হাওড়া স্টেশন থেকে কামালগাজি। এসপ্ল্যানেড থেকে আমতলা। হাওড়া স্টেশন থেকে নিউডাউন, ডানলপ থেকে বালিগঞ্জ, হাওড়া স্টেশন থেকে গড়িয়া, জোকা থেকে বারাসত।
রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর, রজনবীর সিংহ কপূর বলেন, ‘‘এই পরিস্থিতিতে আমরা যতটা সম্ভব জরুরি পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি।’’
এই রুটগুলিতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা দেবে পরিবহণ দফতর। এই রুটগুলিতে যে বাসগুলি চলবে, সেগুলিতে আগে সানিটাইজ করা হবে এবং যাত্রীর সংখ্যা যাতে যাতে অধিক না হয় সেটাও নজর দেওয়া হবে। এক পরিবহণ কর্তা জানালেন, ‘‘বাসের আসন সংখ্যার চেয়ে কম যাত্রী তোলা হবে সোশাল ডিসটেন্সিং’-এর জন্য।’’
পরিবহণ দফতরের একটি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, উবর এবং ওলা সীমিত সংখ্যায় চালানো হচ্ছে অপরিহার্য পরিষেবার জন্যে। যাত্রী পরিবহণে কোনও রকম সমস্যা হলে, ফোনও করা যাবে। তার জন্যে বেশ কয়েকটি নম্বর চালু হল। ০৩৩-২২৩৬ ১৯১৬, ০৩৩-২২৩৬০৪৬২,৯৪৩২০২২১৪৭,৮৬৯৭৭৩৩৩৯১, ৮৬৯৭৭৩৩৩৯২। যে কোনও সমস্যায় হোয়াটসঅ্যাপেও অভিযোগ জানানো যাবে। নম্বর হল — ৯৮৩০১৭৭০০০। ওলা এবং উবরের কন্ট্রোল নম্বর হল— ৯৪৩৪৩১৫৮৯২,৮৩৩৫০০২১৩৩, ৯৪৩৪৫৫৪৯৪।






