লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, নানান রাজনৈতিক নেতাদের আক্রমণ, হুঁশিয়ারির ঝাঁঝ যেন ততই বাড়ছে। একে অপরকে শানাতে, ধমকাতে কসুর করছেন না যুযুধান প্রতিপক্ষরা। আর হুঁশিয়ারি শানাতে যে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বেশ এগিয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার ফের ভোট প্রচারে বেরিয়ে বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন তিনি।
কী বলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?
আজ, সোমবার দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের এমএএমসির বি১ মোড়ের একটি মাঠে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে চা চক্রে যোগ দেন তিনি। সেখান থেকেই হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, এবার বাংলায় বালাকোট, পুলওয়ামার থেকেও বড় সার্জিক্যাল স্ট্রাইক হবে। শুধু তাই-ই নয়, তাঁর এও দাবী যে সংখ্যালঘুদের ‘ক্রিমিনাল’ বানিয়ে রাখা হচ্ছে বাংলায়।
এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “যারা রাষ্ট্রদ্রোহী, যারা বোম-বন্দুকের কারখানা বানাচ্ছে, যাদের সঙ্গে বিদেশের হাত আছে, তাদের সবার ঘরে ঘরে যাবে এনআইএ। যখন খুশি যাবে। এখানে পুলওয়ামা, বালাকোটের থেকেও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে”।
কুণাল ঘোষ নিদান দিয়েছেন বিজেপি প্রার্থীদের ঘেরাও করার। সেই ঘটনা প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) কুণালকে শানিয়ে বলেন, “দম থাকলে দিলীপ ঘোষকে ঘেরাও করে দেখুক কুণাল ঘোষ। তার যে সব চামচা, বেলচা আছে, আসুক আমার সামনে। এই সব বাদ দিন। পাবলিক ওদের তাড়া করে মারবে। জামাকাপড় খুলে নেবে। ভেবেচিন্তে কথা বলুন। দিন পালটে গিয়েছে। হয় এজেন্সি খুঁজবে না হয় পাবলিক খুঁজবে”।
সংখ্যালঘুদের ভোট নিয়েও এদিন মন্তব্য করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, “সংখ্যালঘুদের ভোট নিয়ে নয়, সংখ্যালঘুদের নিয়ে আমরা চিন্তিত। ভোটের বাজারে ওদের গরিব, ক্রিমিনাল করে রাখা হয়েছে। বাচ্চাদের ভাতার টাকা লুট করা হচ্ছে”।





