গতকাল একটি ভিডিও ফুটেজ দেখে শিউরে ওঠে গোটা বিশ্ব। উত্তরপ্রদেশের বরেলিতে প্রবাসী শ্রমিকদের রাস্তায় বসিয়ে তাদের উপর কীটনাশক স্প্রে ছড়াচ্ছে স্থানীয় প্রশাসন। দাবি, এরা নাকি বাইরের রাজ্য থেকে করোনা নিয়ে আসতে পারে, তাই এদের করোনা রোধক কীটনাশক ব্যবহার করে স্নান করানো হচ্ছে যাতে এরাও সুস্থ থাকে, সঙ্গে বাকি রাজ্যও। পাইপে করে নিরীহ গরীব মানুষের উপর কীটনাশক স্প্রে ছড়ানোর ভিডিও দেখে আঁতকে উঠেছেন সবাই। ছিছিক্কার পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
এরই পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনের যেসকল ব্যক্তিরা এই ঘৃণ্য কাজে যুক্ত ছিলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন। তিনি এই কাজকে তীব্র নিন্দা করেছেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার দিকে লক্ষ্য রাখতে বলেছেন বলে জানিয়েছেন সহ সচিব অবনীশ অবস্থি।
সোমবার থেকেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে, দেখা যায়, রাজ্যে ঢোকার পর প্রবাসী শ্রমিকদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এবং তাদের উপর পাইপে করে জীবাণুনাশক ছড়ানো হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা করতে শুরু করেন নেটিজেনরা। কী করে এরকমভাবে স্প্রে করা হচ্ছে তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। এই ঘটনার জেরছ তাঁদের শারীরিক অসুস্থতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করতে থাকে সাধারণ মানুষ। উচ্চবিত্ত পরিবারের মানুষজনকে এয়ারলিফট করে আনার পর কেন এরকম করা হয়নি বলেও প্রশ্ন তোলেন অনেকে। প্রিয়াঙ্কা গান্ধী এই ভিডিও শেয়ার করে লেখেন, এতে তো করোনা আটকানো যাবেই না বরং আরও ছড়াবে।
বরেলির জেলাশাসক পুরো বিষয়টি খতিয়ে দেখার আদেশ দিয়েছেন।






