লকডাউনের জেরে ওষুধ না পাওয়ার সমস্যায় জেরবার হচ্ছেন? চিন্তা নেই। এই সমস্যার মোকাবিলায় এগিয়ে এলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী। শুধু হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন পাঠালেই হবে। আপনার প্রয়োজনমতো ওষুধ কিনে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁর।
লকডাউন পরিস্থিতিতে তাঁর লোকসভা কেন্দ্রের অর্থাৎ, পাটুলি, গড়িয়া, সোনারপুর, নরেন্দ্রপুর এলাকায় যাঁরা থাকেন তাঁদের যেন প্রয়োজনীয় ওষুধ পেতে সমস্যা না হয়, সেরকমই পরিষেবার চালু করলেন তিনি। ওষুধের প্রয়োজন হলে ৮৯৬৭৪৬৬৪৫৫ এই নম্বরে প্রেসক্রিপশন হোয়্যাটস অ্যাপ করুন। সাংসদ মিমি চক্রবর্তীর টিম বাড়িতেই পৌঁছে দেবে ওষুধ। এই পরিষেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কোনও ব্যক্তি যার বাইক আছে এবং তিনি যদি মিমির এই উদ্যোগে শামিল হতে চান, তাহলে ওপরে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
Take care be safe..🙏 pic.twitter.com/uZpLySsLrM
— Mimssi (@mimichakraborty) April 1, 2020
করোনা মোকাবিলায় সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী কখনও অসহায়, সম্বলহীন মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জোগাড় করেছেন তো আবার কখনও বা নিজের সংসদীয় এলাকার মানুষদের মাঝে মাস্ক, স্যানিটাইজার বিলি করছেন। তাঁর এলাকার দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলোকে যেন রাতে অভুক্ত থেকে ঘুমোতে না হয় সে ব্যবস্থাও করেছেন তারকা সাংসদ। এছাড়াও নিজে পশুপ্রেমী হওয়ায়, পথ কুকুররাও যাতে এই লকডাউনে খেতে পায়, নিজে কোয়ারেন্টাইনে থেকে সেদিকেও কড়া নজর রয়েছে মিমির। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে সবাইকে আর্জি জানিয়েছেন সতর্কতা অবলম্বন করে সবাই একযোগে যেন করোনা মোকাবিলায় তৎপর হন।






