NDTV-Jan Ki Baat: ২০২৪-এ সাত দফায় হয়েছে লোকসভা নির্বাচন। আজ, ১ জুন ছিল লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। ভোট শেষ হওয়ার পর সন্ধ্যে গড়াতেই প্রকাশ্যে আসতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষা ফলাফল। কোন রাজ্যে কে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে সামনে এসেছে এনডিটিভি-জন কি বাত (NDTV-Jan Ki Baat)-এর বুথ ফেরত সমীক্ষার ফলাফল।
বলে রাখা ভালো, বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল থেকে জনমতের একটা আভাস পাওয়া যায় ঠিকই, তবে এটাই যে চূড়ান্ত ফলাফল তা কিন্তু নয়। কখনও এমন দেখা গিয়েছে, বুথ ফেরত সমীক্ষার সঙ্গে ভোট গণনার ফলাফল মেলেই নি। ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করা বেশ জটিল প্রক্রিয়া। দেখে নেওয়া যাক, এনডিটিভি-জন কি বাত (NDTV-Jan Ki Baat)-র বুথ ফেরত সমীক্ষা কী বলছে।
এনডিটিভি-জন কি বাত (NDTV-Jan Ki Baat)-র বুথ ফেরত সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে যাবে ২১-২৬টি আসন। অন্যদিকে, তৃণমূল পেতে পারে ১৬-১৮টি আসন। কংগ্রেসের ঝুলিতে থাকার সম্ভাবনা ০-২টি আসন। কিন্তু এনডিটিভি-জন কি বাত-র সমীক্ষা অনুযায়ী, বাংলায় খাতাই খুলতে পারবে না বামেরা। তাদের ঝুলি শূন্য।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল ২২, বিজেপি ১৮ এবং কংগ্রেস ২টি আসন পেয়েছিল। সেই বছর তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৪৩.৭ শতাংশ। বিজেপি পেয়েছিল ৪০.৬ শতাংশ ভোট। ওই ভোটে বিজেপির শতকরা প্রায় ১৬ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছিল। অন্যদিকে ১৬.৭২ শতাংশ ভোট কমেছিল বামেদের। বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৭.৫ শতাংশ। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৫.৭ শতাংশ।





