কোনদিকে বইবে ভোটের হাওয়া? পশ্চিমবঙ্গে ক’টি আসন পাচ্ছে বিজেপি, তৃণমূলই বা কোথায় দাঁড়িয়ে? কী জানাল ABP CVoter Exit Poll?

ABP CVoter Exit Poll: আজ, শনিবার ১ জুন ছিল লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে বিকেল ৫টায়। এবার পালা এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার। বাংলায় শাসক-বিরোধী লড়াই তো হাড্ডাহাড্ডি। কে কত আসন পাবে রাজ্যে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে জানা গেল এবিপি সি ভোটার এক্সিট পোলের (ABP CVoter Exit Poll) ফলাফল।

বলে রাখা ভালো, বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল থেকে জনমতের একটা আভাস পাওয়া যায় ঠিকই, তবে এটাই যে চূড়ান্ত ফলাফল তা কিন্তু নয়। কখনও এমন দেখা গিয়েছে, বুথ ফেরত সমীক্ষার সঙ্গে ভোট গণনার ফলাফল মেলেই নি। ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করা বেশ জটিল প্রক্রিয়া। দেখে নেওয়া যাক, এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা কী বলছে।

এবিপি সি ভোটার অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপিই। বিজেপি বাংলা থেকে প্রায় ২৩-২৭টি আসন পেতে পারে বলে অনুমান। অন্যদিকে, তৃণমূল পেতে পারে ১৩-১৭টি আসন। বাম-কংগ্রেসের জোটে যেতে পারে ১-৩টি আসন। কিন্তু সিপিএম এককভাবে কোনও আসন পাবে না বলে জানাচ্ছে এবিপি সি ভোটার। ভোট শতাংশের নিরিখে বিজেপি পেতে পারে ৪২.৫ শতাংশ ভোট, তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪১.৫ শতাংশ ভোট, বাম-কংগ্রেস ভোট পেতে পারে ১৩.২ শতাংশ ভোট আর অন্যান্যদের ঝুলিতে থাকবে ২.৮ শতাংশ ভোট।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল ২২, বিজেপি ১৮ এবং কংগ্রেস ২টি আসন পেয়েছিল। সেই বছর তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৪৩.৭ শতাংশ। বিজেপি পেয়েছিল ৪০.৬ শতাংশ ভোট। ওই ভোটে বিজেপির শতকরা প্রায় ১৬ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছিল। অন্যদিকে ১৬.৭২ শতাংশ ভোট কমেছিল বামেদের। বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৭.৫ শতাংশ। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৫.৭ শতাংশ। 

RELATED Articles