একই বিমানে চড়ে দিল্লি যাত্রা নীতিশ-তেজস্বীর, মাঝ আকাশেই জোট নিয়ে আলোচনা নয় তো? কেন্দ্রে ঘুরে যাবে ‘খেলা’?

সরকার গড়বে কে? এনডিএ নাকি ইন্ডি জোট? সেই নিয়ে এখন চলছে নানান জল্পনা-কল্পনা। আজ, বুধবার বৈঠকে বসছে দুই জোটই। দিল্লিতেই হচ্ছে এই বৈঠক। এই দুই বৈঠকে যোগ দিতে দিল্লিতে আসছেন দুই জোটের শরিক নীতিশ কুমার ও তেজস্বী যাদব। আর ঘটনাচক্রে একই বিমানে চড়ে দিল্লির পথে রওনা দিয়েছেন তারা।

গতকাল, ৪ জুন ছিল লোকসভা নির্বাচনের ফলাফল। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল, ‘আব কি বার, ৪০০ পার’। কিন্তু ৪০০ তো দূর, ৩০০-এর গণ্ডিও পার করতে পারে নি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।

এদিকে বিজেপি যেমন ২০১৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, এবারে তা হয়নি। ২৫০ আসনও পায়নি বিজেপি এককভাবে। ২৪০-এ থেমে গিয়েছে বিজেপির রথ। আর এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন। তবে জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন নিয়ে দেখা দিয়েছে সংশয়। আর এই সংশয়ের কারণ নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু।

ইন্ডি জোটের তরফে যোগাযোগ করা হয়েছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে। ইন্ডি জোটে যদি তারা যোগ দেয় তাহলে ইন্ডি জোট সরকার গড়বে। আর যোগদানের জন্য নীতিশ কুমারকে উপ-প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি-কে প্রধানমন্ত্রীর প্রস্তাব দিয়েছে ইন্ডি জোট, এমন কথাও শোনা যাচ্ছে। আজ দুই জোটেরই বৈঠক রয়েছে দিল্লিতে।

এনডিএ ও ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে আসছেন নীতিশ কুমার ও তেজস্বী যাদব। নীতিশ এনডিএ জোটের শরিক আর তেজস্বী রয়েছেন ইন্ডি জোটে। এরা দু’জনেই একই বিমানে আসছেন দিল্লিতে। একথা জানার পরই শুরু হয়েছে নানান চর্চা। মাঝ আকাশেই কী তাহলে জোট বদলের খেলা হয়ে যাবে। নীতিশকে বুঝিয়ে ইন্ডি জোটে নিয়ে চলে আসবেন তেজস্বী? তা নিয়ে চলছে জোর আলোচনা।

ইন্ডি জোটের কাণ্ডারি বলা যায় নীতিশ কুমারকে। তিনিই জোটের সূত্র বেঁধেছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনের আগে জোট ভেঙে বেরিয়ে যান তিনি। ফের যোগ দেন এনডিএ-তে। এবার ভোটের ফল প্রকাশের পর ফের একবার জোট বদলের জল্পনা শুরু হয়েছে। পাল্টি খাওয়ার বিষয়ে নীতিশের জুড়ি মেলা ভার। সেই কারণেই আরও বেশি সংশয়ে এনডিএ।

আরও অন্যান্য খবর