গতকাল, ৪ জুন ছিল লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন। এবারের নির্বাচনে ‘আব কি বার, ৪০০ পার’ এই স্লোগান নিয়েই ভোট যুদ্ধে সামিল হয়েছিল বিজেপি। কিন্তু ৪০০ তো দূর, ৩০০-র গণ্ডিও পার করতে পারে নি বিজেপি। এককভাবেও বিজেপির আসন সংখ্যা কমেছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ২৯২টি আসন। এবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী।
এনডিএ জোটের এমন ফলাফলের পর গতকাল, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন নরেন্দ্র মোদীর উচিত পদত্যাগ করা। আর আজ, বুধবার সত্যিই পদত্যাগ করলেন মোদী। এদিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা করেন তিনি। রাষ্ট্রপতিও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে খবর।
আসলে, রাষ্ট্রপতির কাছে নতুন সরকার গঠনের অনুমতি নিতে হয়। আর এর জন্য আগে পদত্যাগ করা প্রয়োজন। সেই কারণেই এদিন নিজের পদত্যাগপত্র জমা দিলেন মোদী। এর সঙ্গে মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী না হওয়ার কোনও সম্পর্ক নেই।
কবে শপথ নেবেন মোদী?
তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আগামী ৮ জুন, শনিবার রাত ৮টার সময় তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মোদী। এদিন মোদীর মন্ত্রী পরিষদের সদস্য ও জয়ী সাংসদরা উপস্থিত থাকবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনেই। এদিন আবার একটি রাজনৈতিক ইভেন্টও করতে চলেছে বিজেপি।
জানা গিয়েছে, নতুন সরকার গঠনের শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের। দিল্লিতে অবস্থিত বিদেশী দূতাবাসের প্রতিনিধিদের আমন্ত্রণ করা হবে এদিন। ৮ থেকে ১০ হাজার অতিথি আসতে পারেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে।
এদিকে আবার নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইন্ডি জোট। ফলে শরিকদের বাড়তি গুরুত্ব দিতে হচ্ছে বিজেপিকে। যদিও সরকার গঠনের বিষয়ে একেবারে নিশ্চিত এনডিএ। তবে আশানুরূপ ফল না হওয়ার কারণে শপথ গ্রহণের অনুষ্ঠানে জাঁকজমকের কোনও ঘাটতি হবে কী না, তা এখনও জানা যায়নি।






