করোনা: আমেরিকায় লো-কস্ট ভেন্টিলেটর তৈরি করতে চলেছেন ভারতীয় ইঞ্জিনিয়াররা

আমেরিকায় কর্মরত ভারতীয় ইঞ্জিনিয়াররা শীঘ্রই কমদামী ভেন্টিলেটর বানাতে সফল হবে বলে আশাবাদী ট্রাম্প সরকার। প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অ্যালিস ওয়েল্স ট্যুইটে জানান, ‘এমআইটি ও একটি আমেরিকান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে অত্যন্ত তৎপরতার সাথে ভারতীয় ইঞ্জিনিয়াররা একটি কমমূল্যের ভেন্টিলেটর তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা তাঁদের ভীষণভাবে সমর্থন জোগাচ্ছি। আশা করি, ওঁরা আবিষ্কার করতে সক্ষম হবে। শীঘ্রই আমরা তার উৎপাদন শুরু করব।’

গত ১১ মার্চ, করোনাভাইরাসকে মহামারী আখ্যা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এগারো লক্ষ। ৫৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ইউরোপে মড়ক লেগেছে করোনার। ইতালিতে আক্রান্ত হয়েছেন এক লাখ পনেরো হাজার জন। মৃত চোদ্দ হাজার। স্পেনে আক্রান্ত হয়েছেন এক লাখ বারো হাজার জন। মৃত দশ হাজার চারশো জন। জার্মানিতে আক্রান্ত চুরাশি হাজারেরও বেশি মানুষ। মৃত ১১০৯ জন। ফ্রান্সে আটান্ন হাজার পাঁচশো জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৫৩৮০ জন।

তবে সমস্ত দেশকে ছাড়িয়ে গিয়েছে আমেরিকা। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এখানে, আক্রান্ত দুই লাখ পঁয়তাল্লিশ হাজার। মৃত ছয় হাজার একশো জন।

ভারতেও ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে ২০৩১ জন আক্রান্ত। মৃত ৫৬ জন। সুস্থ হয়েছেন ১৫৭ জন। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য একুশ দিনের লকডাউন চলছে ভারতে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর