করোনা নিয়ে এখন দেশব্যাপী মানুষ চিন্তিত। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলছে ২১ দিনের লকডাউন। এর মধ্যেই চলছে পাল্লা দিয়ে চলছে ভুয়ো খবর ছড়ানোর পালা। তাই এই খবর রুখতে এবার কড়া পদক্ষেপ নিলো কলকাতা পুলিশ। করোনা নিয়ে গুজব বা ভুয়ো খবর ছড়ালে ‘ডিএমএ’ অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে এর হিসেবে ব্যবস্থা নেবে পুলিশ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে শহরবাসীকে সতর্ক করেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।
তিনি স্পষ্ট জানিয়ে দেন , ‘এই অ্যাক্টে বলা আছে, বিপর্যয়ের সময় কেউ ভুয়ো মেসেজ বা গুজব ছড়ালে যদি তা আতঙ্ক সৃষ্টি করে ,তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধে অভিযুক্তর এক বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।’
এছাড়াও অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি প্রয়োগ করা হতে পারে। সেক্ষেত্রে পুলিশ কমিশনার সবাইকে সতর্ক করে বলেছেন, প্রত্যেক নাগরিককে দায়িত্ববান হতে হবে। কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে হবে। নির্দিষ্ট তথ্যের সরকারি ওয়েবসাইট থেকে খবরটি ভুয়ো কিনা মিলিয়ে নিন।গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। কোনও সন্দেহজনক পোস্ট বা মেসেজের বিষয়ে পুলিশকে ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে জানানোর কথাও বলেছেন সিপি অনুজ শর্মা।
ইতিমধ্যেই করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই মহিলা গ্রেপ্তার হয়েছেন। কিছুজনকে ডেকে লালবাজারে সতর্কও করা হয়ছে। একইসঙ্গে পুলিশ কমিশনারের বক্তব্য, ডাক্তার, নার্স ও যে স্বাস্থ্যকর্মীরা সংকটের সময় আপ্রাণ লড়াই করেছেন, এখন তাঁদের পাশে দাঁড়ানোর সময়। তাই তাঁদের নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানায় কলকাতা পুলিশ।






