বাংলা চলচ্চিত্র জগত ও ধারাবাহিকে অতি পরিচিত মুখ অনুসূয়া মজুমদার (Anusuya Majumdar)। ১৯৫৩ সালের ৯ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ধানবাদ তার জন্মস্থান, সেখানেই শৈশবে বড় হয়ে উঠেছেন তিনি। বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে কলকাতায় আসেন। স্কুলে পড়াকালীনই অভিনয় জগতের হাতেখড়ি হয় এই অভিনেত্রীর। স্কুলে পড়াকালীন নানান নাটকে অংশগ্রহণ করেছেন তিনি। স্কুলের পর লরেটো কলেজ থেকে পড়াশোনা করেন। কলেজে সময় অন্তর্বর্তী কলেজ প্রতিযোগিতায় অভিনয়ে নানান পুরস্কার জিতেছেন তিনি (Anusuya Majumdar)। ছোট থেকেই অভিনয় ভালোবাসতেন। পড়াশোনার পর এক সময় মাল্টিন্যাশনাল কোম্পানিতে দায়িত্বপূর্ণ পদে চাকরি করতেন। তবে অভিনয় ছাড়েননি। চাকরি করাকালীন থিয়েটারে অভিনয় করতেন তিনি। নাচ ও গান শিখেছেন অভিনেত্রী অনুসূয়া মজুমদার। তারপর হঠাৎই একদিন চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।
অনুসূয়া মজুমদার (Anusuya Majumdar) অভিনীত প্রথম সিনেমা ছিল বৃত্ত। যদিও সেই সিনেমা মুক্তি পায়নি। এরপর নাট্যগোষ্ঠী অভিনয়ে তার অভিনয় ভালো লাগে পরিচালক মৃণাল সেনের। মৃণাল সেন অনুসূয়া মজুমদারকে সুযোগ দেন মহাপৃথিবী ছবিতে অভিনয় করার। ১৯৯১ সালে এটি অনুসূয়া মজুমদারের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। এসব বাংলা ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য সিটি অফ জয়, তাহাদের কথা, কালরাত্রি, সম্প্রদান, ভালো থেকো ইত্যাদি।
অনুসূয়া মজুমদারের (Anusuya Majumdar) প্রথম ধারাবাহিক ছিল সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে কালপুরুষ। মাধবীলতার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। প্রথম ধারাবাহিকেই জনপ্রিয়তা পেয়েছিলেন বিপুল পরিমাণে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। বহু টেলিফিল্মে অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার। তার অভিনীত প্রথম মেগা ধারাবাহিক ছিল শ্যাওলা। এরপর আরো বহু জনপ্রিয় মেগা ধারাবাহিকে দাপিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী (Anusuya Majumdar)। তিনি বহুদিন অভিনয় ও চাকরি একসাথে করেছেন। ২০০৬ সাল নাগাদ অভিনয় করার জন্যই চাকরি ছেড়ে দেন তিনি। অভিনয় জীবনে কাজ করা নিয়ে বরাবরই পরিবারের সহযোগিতা পেয়েছেন। বিয়ের আগে মা, বিয়ের পরে স্বামী, শ্বাশুড়ি পরিবারের সকলের।
মাকে অভিনয়ে সহযোগিতা করেছে অভিনেত্রীর (Anusuya Majumdar) ছেলেও, যে এখন বিদেশে কর্মরত। অভিনেত্রীর স্বামী সুব্রত মজুমদার থিয়েটারের মানুষ। একসঙ্গে অভিনয় করতে করতেই পরিচয় হয় তারপরে প্রেম ও বিয়ে। অনুসূয়া মজুমদার কেমন অভিনয় করছেন তার ফিডব্যাক পান স্বামীর কাছে। অভিনয় করার পাশাপাশি অভিনয় দেখতেও ভালোবাসেন তিনি। কাজের ফাঁকে সময় পেলে সিনেমা দেখতে চলে যান তারা। বয়স ৭১ তবে সবকিছুকে হার মানিয়ে অভিনয় করছেন তিনি (Anusuya Majumdar)। সাম্প্রতিককালে অনুসূয়া মজুমদার অভিনয় করেছেন মাটি, মুখার্জীদার বউ, গোত্র, অপরাজিত, বৌদি ক্যান্টিন, দিলখুশ ইত্যাদি ছবিতে। এত বয়সে ও নিজের কাজের উদ্যম হারাননি অভিনেত্রী। অনুসূয়া মজুমদারের ইচ্ছা রয়েছে পরিচালনা করার।





