ফের সেতু বিপর্যয়। গতকাল, মঙ্গলবার ফের ভেঙে পড়ল এক সেতু। নির্মীয়মাণ সেতুর একটি অংশ ভেঙে পড়ে। ১২ কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছিল ওই সেতু। কিন্তু উদ্বোধনের আগেই সব শেষ।
ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া জেলায়। সেখানের বাকরা নদীর উপর ১২ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই সেতুটি। আশা করা হয়েছিল, এই সেতু তৈরি হলে সিক্তি ও কুরসাকান্ত ব্লকের মধ্যে যাতায়াত সহজ হবে। কিন্তু সেই আশায় পড়ল জল। সেতু তৈরির আগেই ভেঙে গেল।
জানা গিয়েছে, সেতুটির যে অংশ নদীর উপরে ছিল, সেই অংশটিই ভেঙে পড়েছে। আর যে অংশটা স্থলভাগে আছে, তা অক্ষত রয়েছে। সেতু ভেঙে পড়ার দায় নির্মাণ সংস্থার উপরই চাপালেন সিক্তির বিধায়ক বিজয় কুমার। তাঁর কথায়, “ওই সেতুটি ভেঙে পড়ার পিছনে রয়েছে নির্মাণ সংস্থার মালিকের গাফিলতি। আমাদের দাবী, প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখুক”।
এই সেতুটি ভেঙে পড়ার ভিডিও এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল। সেতুটি যে ভেঙে পড়বে, তা বাসিন্দারা আগের থেকেই বুঝতে পেরেছিলেন। ফলে ভেঙে পড়ার সময়ের ভিডিও ক্যামেরাবন্দি করেছেন অনেকেই। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, সেতুটি ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ কীভাবে দ্রুত নদীর জলের স্রোতে ভেসে যাচ্ছে।
বিহারে সেতু ভেঙে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরুতেই বিহারের সুপলেও ভেঙে পড়েছিল একটি নির্মীয়মান সেতু। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। আরও ১০ জন আহত হয়েছিলেন। ভেজা ও বাকাউরের মাঝামাঝি মারিচা নামে এক এলাকায় ঘটেছিল ওই ঘটনাটি। কোসি নদীর উপর ৯৮৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছিল ওই সেতু। আবার গত বছরের জুন মাসে বিহারের ভাগলপুরে চার লেনের নির্মীয়মান আগুয়ানি-সুলতানগঞ্জ সেতুর ১৯০ মিটারেরও বেশি অংশ ভেঙে গঙ্গা নদীতে তলিয়ে গিয়েছিল।





