অনেকেই আমের আচার তৈরি করে সারা বছর খান। আম ছাড়াও গ্রীষ্মে আমলকি পাওয়া যায়, আর লঙ্কা ও রসুনের আচার সারাবছরই করা যায়। তবে কেউ কেউ এগুলি পছন্দ করেন না। তাই এবার বাড়িতেই বানিয়ে নিন এমন একটি আচার যা সারাবছরই খাওয়া যাবে। কাঁচকলার আচার কখনও খেয়েছেন ?
গ্রীষ্ম বা বর্ষা, শেষ পাতে একটু টক না থাকলে খাবার যেন সম্পূর্ণ হয় না। গরমের সময় আমের টক বা আমের আচার অনেকের প্রিয়। আম, আমলকি, লঙ্কা, রসুনের আচার তো অনেকেই জানেন। গাজরের আচারও আজকাল জনপ্রিয়। এবার বানিয়ে নিন কাঁচকলার আচার। কাঁচকলা সারা বছরই পাওয়া যায়, ফলে যে কোনও সময় এটি বানানো যায়। নতুন স্বাদের এই আচার আপনার জিভের স্বাদ আনবে।
উপকরণ
কাঁচকলা, সর্ষের তেল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাঁচা আমের ক্বাথ, চিনি, পাঁচফোড়ন, নুন। কাঁচকলার সংখ্যা অনুযায়ী উপকরণগুলো নেবেন। যেমন, ৪টি কাঁচকলার জন্য ১ কাপ কাঁচা আমের ক্বাথ এবং ১ কাপ সর্ষের তেল প্রয়োজন। ঝাল আচার পছন্দ হলে ৩-৪টি করে দু-ধরনের লঙ্কা নিন।
রন্ধন প্রণালী
প্রথমে কাঁচকলার খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। তারপর কাঁচকলার টুকরোগুলিতে হলুদ গুঁড়ো মাখিয়ে নিন। কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে পাঁচফোড়ন দিন। এরপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং হলুদ মাখানো কাঁচকলার টুকরোগুলি কড়াইয়ে দিন।
মাঝারি আঁচে তেলের মধ্যে কাঁচকলার টুকরোগুলি ভাল করে নাড়ুন। এরপর ১ কাপ চিনি এবং পরিমাণ মতো নুন দিন। চিনির কিছুটা জল বেরোবে, তার মধ্যে কাঁচকলার টুকরোগুলি ভাল করে নাড়ুন। কাঁচকলার টুকরোগুলি সেদ্ধ হয়ে গেলে কাঁচা আমের ক্বাথ দিন এবং সবকিছু ভাল করে মিশিয়ে নিন। কাঁচকলার আচার তৈরি হলে এটি ঠান্ডা করে একটি বয়ামে রেখে দিন। সারাবছরই এই আচার খাওয়া যাবে।






