করোনা সংক্রমন রুখতে এবার কিছু জায়গা সিল করবে সরকার। এর আগে উত্তরপ্রদেশ ও রাজস্থান তাদের বেশি সংক্রামিত অঞ্চলগুলোকে সিল করার সিদ্ধান্ত নেন। এরপর সেই পথেই হাঁটছে দিল্লি। এবার দিল্লি সরকারও রাজ্যের ২০টি জায়গাকে করোনা ভাইরাসের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে এবং সেই জায়গাগুলিকে সিল করে দেওয়া হচ্ছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বাড়ির বাইরে গেলেই মাস্ক পরা আবশ্যক। তবে এন-৯৫ মাস্ক পরার বাধ্যবাধকতা নেই। কাপড়ের মাস্ক পরলেও হবে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া জানিয়েছেন, ‘সদর অঞ্চলে কিছু করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এরপরেই ওই অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। দিল্লিতে এইরকম মোট ২০টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। যেখানে বেশ কিছু মানুষ সংক্রামিত হয়েছে। ওই অঞ্চলগুলি থেকে যাতে সংক্রমন বাইরে ছড়াতে না পারে তাই জায়গাগুলিকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এছাড়া কাউকে যদি মাস্ক না পরে বাড়ির বাইরে ঘুরতে দেখা যায়, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।’
কতদিন এই ২০টি ‘হটস্পট’ সিল করে রাখা হবে, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি। আর এই ২০টির তালিকাতে কোন কোন জায়গাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে, সেটিও জানাননি তিনি।
সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যার হিসেবে তৃতীয় স্থানে দিল্লি। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৫৭৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত বেড়েছে আরও ৫১ জন।মৃত্যু হয়েছে ২ জনের। দিল্লিতে এই নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬ জন।





