হাসিনা বাংলাদেশ ছাড়তেই বিজয় মিছিল কলকাতার রাস্তাতেও, রাজপথে নেমে উল্লাসে মাতলেন শহরের বাংলাদেশিরা

পতন হয়েছে হাসিনা সরকারের। পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর এর জেরে বেজায় খুশির হাওয়া ওপার বাংলায়। রাস্তায় চলছে উল্লাস। আন্দোলনকারীদের মধ্যে খুশির হাওয়া। বাংলাদেশে যখন একের পর বিজয় মিছিল চোখে পড়ছে, সেই সময় উল্লাস থেকে বাদ গেল না কলকাতাও। এই শহরেও বের হল বিজয় মিছিল।

বাংলাদেশের আঁচ পড়ল কলকাতাতেও। শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার খবর পাওয়ার পরই রাজপথে নাম বিজয় মিছিল। শহরের বুকে এক আলাদাই উল্লাস যেন! কলকাতার বাসিন্দা এক বাংলাদেশির কথায়, “শেখ হাসিনা ছাত্র আন্দোলনের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সরকারের যে জুলুম-অত্যাচারে একের পর এক ছাত্রের মৃত্যু হয়েছে, ছাত্র সমাজকে প্রতিহত করতে চেয়েছে। কিন্তু ছাত্র সমাজ গুলিকে ভয় পায় না। আজ আমরা অনেক খুশি”। 

অন্য এক যুবক বললেন, “বাংলাদেশে মৌলিক অধিকারগুলোর কোনও নিশ্চয়তা নেই। শেখ হাসিনার বিচার চাই”।

আবার অন্য এক ব্যক্তির কথায়, “আমরা তো কিছু পয়সা নিয়ে এসেছিলাম। সে টাকাও শেষ। এভাবে কীভাবে থাকব সেখানে। কালই বর্ডারের দিকে রওনা দেব। যেতে পারি না পারি, বাংলাদেশে ঢুকতে পারছি না। ভীষণই টেনশনে আছি”।

প্রসঙ্গত, বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। আপাতত নয়াদিল্লির সেফ হাউসে রয়েছেন হাসিনা। জানা যাচ্ছে, তিনি লন্ডন চলে যেতে পারেন। এদিকে বাংলাদেশ দখল করেছে সেনাবাহিনী। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করার কথা জানিয়েছেন সেনাপ্রধান। দেশবাসীকে ভাঙচুর, মারামারি, সংঘর্ষ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। সেনাপ্রধান ওয়াকার উজ জামান বললেন, “সংঘাতের মাধ্যমে আর নতুন কিছু আমরা পাব না। প্রতিটা হত্যার বিচার করা হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে”।

RELATED Articles