বাংলাদেশের অবিশ্বাস্য ছবি। প্রধানমন্ত্রীর বাসভবন বিক্ষোভকারীদের দখলে। পরিস্থিতি এতটাই চাঞ্চল্যকর যে এবার বঙ্গবন্ধুর মূর্তিতে প়ড়ল হাতুড়ির ঘা। টুকরো টুকরো করা হয়েছে মুজিবর রহমানের মূর্তি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন মুজিবরের কন্যা ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।
দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করার সময়টুকু পেলেন না শেখ হাসিনা। তাঁর বাসভবনের গেট ভেঙে গুঁড়িয়ে ফেলেছে আম জনতা। বন্ধ ইন্টারনেট পরিষেবা। তপ্ত বাংলাদেশ। ওপার বাংলার রাস্তাঘাট এই মুহূর্তে সেনাবাহিনীর দখলে। রাস্তায় নেমে পড়েছে সাঁজোয়া গাড়ি। পুলিশ নয়, আজ গোটা বাংলাদেশ জুড়ে পুলিশের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে সেনাবাহিনী।
দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ, নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছেন শেখ হাসিনা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
এই মুহূর্তে জ্বলছে গোটা বাংলাদেশ। সেনাপ্রধান শান্তি বজায় রাখার কথা বললেও, বাংলাদেশে অশান্তির পারদ নামেনি। চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রতিবেশী বাংলাদেশ অশান্ত। ভারতের সীমান্তে তাই হাই অ্যালার্ট।
জোরদার করা হয়েছে ইন্দো-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা
চাঞ্চল্যকর পরিস্থিতিতে কলকাতায় এসেছেন বিএসএফের ডিজি। সুরক্ষা বাড়ানো হয়েছে ইন্দো-বাংলাদেশ সীমান্তে। সীমান্তে প্রায় ৪ হাজার ৯৬ কিমি এলাকায় জারি হাই অ্যালার্ট। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরপর পরিস্থিতি কোনদিকে গড়ায়, সেদিকে নজর দেশবাসীর।





