ওড়িশার ত্রাণে ১ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের।

মে মাসের ৩ তারিখ সকাল ৯ টা নাগাদ প্রবল শক্তি নিয়ে ওড়িশা উপকূলে আছড়ে পরেছিল সাইক্লোন ‘ফণী’। ঘন্টায় ২০০ কিমি গতিবেগে প্রায় ৩ ঘন্টা তান্ডব চালিয়ে ওড়িশা থেকে বাংলার পথ ধরে ‘ফণী’। কিন্তু ততক্ষণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওড়িশা। আজ সেই ওড়িশাই ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘ফণী’ ওড়িশায় তান্ডব চালানোর পর এই প্রথম ওড়িশার বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি। এদিন হেলিকপ্টারে চড়ে আকাশ পথেই তিনি পরিদর্শন করেন ওড়িশার বিধ্বস্ত এলাকাগুলো। সঙ্গে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

 

‘ফণী’-তে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওড়িশাকে দেখে পরিস্থিতি বুঝে ওড়িশার ত্রাণে ১ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তরফ হতে দেওয়া হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী৷ এরপর তিনি প্রশংসা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের। প্রধানমন্ত্রীর কথায়, রাজ্য কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করলেই সমস্যার দ্রুত সমাধান যেমন সম্ভব। তেমনি সম্ভব ভালো কাজ করাও৷

বলা বাহুল্য এই বক্তব্য দ্বারা প্রধানমন্ত্রী কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, আজ রাজ্যের মন্ত্রীদের সঙ্গে ‘ফণী’-র ক্ষয়ক্ষতি নিয়ে কলাইকুন্ডায় আলোচনায় বসতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তাতে যোগ দিতে রাজি হননি মাননীয়া মুখ্যমন্ত্রী। তাই বুঝতে বাকী থাকে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করে এহেন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও অন্যান্য খবর