‘বড়লোকের বিটি লো’র স্রষ্টার সঙ্গে গান রেকর্ডের ইচ্ছাপ্রকাশ করলেন র‍্যাপার বাদশা।

‘গেন্দা ফুল’ গানটির জন্ম হয় ৭০-এর দশকে। জনপ্রিয় এই গানটির জন্মদাতা ছিলেন বাংলার লোকশিল্পী রতন কাহার। এরপর বিভিন্ন শিল্পীই এই গানটির ব‍্যবহার করেছেন বিভিন্ন সময়। কিন্তু প্রকৃত শিল্পীকে মনে রাখেনি কেউই। সম্প্রতি বলিউড র‍্যাপার বাদশা তাঁর একটি গানে রতন কাহারের লেখা এই গানটির ব‍্যবহার করেন। তাঁর সঙ্গে গানের ভিডিওতে বাঙালি সাজে নাচতে দেখা যায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। তবে শুরুতে গানটির স্রষ্টা রতনের কৃতজ্ঞতা স্বীকারই করেননি বাদশা। অবশেষে সোশ্যাল মিডিয়ায় একের পর এক সমালোচনা ও কটাক্ষের জেরে ঋণ স্বীকার করেন তিনি। বাংলার প্রবীণ শিল্পীকে পাঁচ লক্ষ টাকাও দেন বাদশা। সেইসাথে এই প্রবীণ বাঙালি শিল্পীর সঙ্গে একটি গান রেকর্ড করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
বাদশা জানিয়েছেন, লকডাউন উঠলেই ব্যক্তিগতভাবে রতন কাহারের সঙ্গে দেখা করে একটি গান রেকর্ড করবেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাদশা বলেন, ‘সত্যিই যদি আমরা গান চুরি করতাম তাহলে এতদিনে আমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হত। আসল গানটি এর আগেও বহুবার রিক্রিয়েট করা হয়েছে। বাংলা ছবিতেও এই গান বহুবার ব্যবহার করা হয়েছে। কখনওই রতন কাহারকে কৃতজ্ঞতা জানানো হয়নি। এটা খুবই দুঃখের। একজন শিল্পীর অন্যতম রোজগারের পথ তো রয়্যালটি। আমি এই গান থেকে অর্জন করা রয়্যালটির অর্ধেক ওঁর সঙ্গে ভাগ করে নিতে চাই। ওঁর সঙ্গে একটি গানও রেকর্ড করতে চাই।’

আরও অন্যান্য খবর