‘ডাক্তাররা কসাইতে পরিণত হচ্ছে’ মন্তব্যের জের! চিকিৎসকদের হুমকি ও অসম্মান করার ঘটনায় তৃণমূল বিধায়ক লাভলির বিরুদ্ধে মামলা হাইকোর্টে

আর জি কর কাণ্ড নিয়ে গোটা রাজ্যে তুমুল হইচই পড়েছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবী তুলেছেন সকল স্তরের মানুষ। এরই মধ্যে চিকিৎসকদের অসম্মান ও হুমকি দেওয়ার অভিযোগে সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।

আর জি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। নিজেদের সহকর্মীর ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তারা নিজেদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তাদের এই আন্দোলনকে যখন সকল স্তরের মানুষ, সিনিয়র চিকিৎসকরাও সমর্থন জানিয়েছেন, সেই সময় দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের কুরুচিকরভাবে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।

গত রবিবার আর জি কর কাণ্ডের প্রতিবাদ সভায় যোগ দেন লাভলি মৈত্র। সেই প্রতিবাদ সভা থেকেই তিনি বলেন, “দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রামবাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে”।

তাঁর আরও সংযোজন, “কোনও চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক? এরা মানুষ? কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা”।

এখানেই শেষ নয়, এদিন সিপিএমকে শানিয়ে বিধায়ক বলেছিলেন, “সিপিএম সায়ন-সুজনরা ঘুরে বেড়ায় তার একটাই কারণ। বদল হয়েছিল, বদলা হয়নি। আজ ২০২৪ দাঁড়িয়ে বলছি বদল তো দূর, বদল ২০১১ তে হয়েছিল। বদলা ২০২৪-এ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে সেই আঙুল কীভাবে নামাতে হয় আমরা জানি”।

আরও পড়ুনঃ আর জি করে মোতায়েন CISF-কে অসহযোগিতা রাজ্যের, এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বিধায়কের এহেন মন্তব্যের কারণে তাঁকে দলের তরফেও সতর্ক করা হয়েছে। কোনও কুমন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। এরই মধ্যে লাভলি মৈত্রের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করলেন আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য। এর আগে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় লাভলি মৈত্রের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ করেছিলেন।

আরও অন্যান্য খবর