বস্তির মেয়ে থেকে সফল অভিনেত্রী! তবে কষ্টেই ভরা বাস্তব জীবন, কাছে পাননি স্বামীকে, নেই সন্তানও, বয়সকালে এখন কেমন আছেন অভিনেত্রী সন্ধ্যা রায়?

ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত একনাগাড়ে বাংলা ছবির নায়িকা হয়ে একনাগাড়ে অভিনয় করে গিয়েছেন তিনি। সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবীদের ভিড়েও টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে নাম থাকত তার। পরবর্তীতে নায়কের মা, বৌদির চরিত্রেও অভিনয় করেছেন বহু বছর। তবে অভিনয়ের জগতে যতটা সাফল্য পেয়েছেন ব্যক্তিগত জীবন ততটাই কষ্টের এই অভিনেত্রীর।

১৯৪১ সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেন অভিনেত্রী সন্ধ্যা রায়। এরপর তার পরিবার পাড়ি দেয় বর্তমান বাংলাদেশের যশোর জেলায়। সন্ধ্যা রায় তার বাবাকে হারান মাত্র সাত বছর বয়সে। তা ঠিক দু’বছরের মাথায় হারিয়ে ফেলেন মাকেও। সন্ধ্যা রায়ের ঠাঁই হয় মামার বাড়িতে। অর্থ কষ্টে বড় হওয়ার দরুন চালিয়ে যেতে পারেননি পড়াশোনাও। পরবর্তীকালে তার ঠাঁই হয় এক বস্তিতে শরণার্থী হিসেবে। একদিন সেই বস্তির বান্ধবীদের সাথে দেখতে গিয়েছিলেন ‘মামলার ফল’ ছবির শুটিং। সেই ছবির পরিচালক পশুপতি চট্টোপাধ্যায় তাকে একটি ভিড়ের দৃশ্যে অভিনয় করার সুযোগ দেন। সেই ছিল অভিনেত্রী সন্ধ্যা রায়ের প্রথম অভিনয়।

এরপর সন্ধ্যা রায় অন্তরীক্ষ ছবিতে অভিনয় করার সুযোগ পান। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছেন দাপটের সাথে। গঙ্গা, মায়ামৃগ, রক্ত পলাশ, ভ্রান্তিবিলাস, মনিহার, সূর্যতপা, পলাতক, বাঘিনী, শ্রীমান পৃথ্বীরাজ, ঠগিনী, ফুলেশ্বরী, দাদার কীর্তি, বাবা তারকনাথ ইত্যাদি বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন দাপটের সাথে।

সন্ধ্যা রায় কাজ করেছিলেন কিছু হিন্দি ছবিতেও। আসলি নাকলি, অপরিচিত এবং পূজা কি ফুল ছিল উল্লেখযোগ্য। টলিউডের সত্যজিৎ রায় থেকে তপন সিনহা, তরুণ মজুমদার থেকে অঞ্জন চৌধুরী সবার সাথেই কাজ করেছেন তিনি। বাংলা এবং হিন্দি মিলিয়ে কাজ করেছেন প্রায় কয়েকশো ছবিতে। পাশাপাশি অভিনয় করে গেছেন যাত্রা এবং থিয়েটারেও।

১৯৬৭ সালে অভিনেত্রী সন্ধ্যা রায় বিবাহ করেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় পরিচালক তরুণ মজুমদারকে। বেশ কয়েক বছর সুখে সংসার করেছিলেন অভিনেত্রী। তবে সংসার সুখের হয়নি বেশিদিন। উড়িয়া অভিনেত্রী মহাশ্বেতা রায়ের সাথে তরুণ মজুমদারের সম্পর্কের কথা সামনে আসে। এই কারণে ভেঙে যায় সন্ধ্যা রায়ের সংসার।

তবে আইনত বিবাহ বিচ্ছেদ করেননি অভিনেত্রী সন্ধ্যা রায়। তারপর থেকে একাকী জীবন কাটিয়ে চলেছেন অভিনেত্রী। তার নেই কোন সন্তানও। মাঝে নেমে ছিলেন রাজনীতিতে কিন্তু সেসব এখন অতীত। পর্দা থেকেও বেশ কিছু বছর ধরে আছেন দূরেই। ২০২২ সালে প্রয়াত হন তরুণ মজুমদার । স্বামীর মারা যাওয়ার খবরে বেশ ভেঙ্গে পড়েছিলেন অভিনেত্রী। এতদিন দূরে থেকেও চোখে জল নিয়ে শোক প্রকাশ করতে দেখা গিয়েছিল তাকে।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর