লকডাউনে এবার দুর্দশাগ্রস্ত পরিযায়ী শ্রমিকরা পাশে পেলো ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামিকে। নিজের জন্মস্থান উত্তরপ্রদেশের আমরোহায় স্থানীয় একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য খাদ্য ও আশ্রয়ের বন্দোবস্ত করছেন টিম ইন্ডিয়ার এই পেসার। শামি বলেন, ওঁদের কষ্ট অসহনীয়। আমার মনে হয়েছে ওঁদের সাহায্য করা উচিত। তাই নিজের সাধ্যমতো চেষ্টা করছি।
ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে এক ইনস্টাগ্রাম চ্যাটে এমনই এক পরিযায়ী শ্রমিকের কথা শামি তুলে ধরেন। রাজস্থানের ওই ব্যক্তি আমরোহায় শামির বাড়ির ঠিক সামনে খিদের জ্বালায় অজ্ঞান হয়ে যান। বাড়ির সিসিটিভি ফুটেজে সেই ছবি দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন শামি। ওই শ্রমিকের পরিচর্যার পর তাঁকে খাবার এবং আশ্রয় দেন তিনি। তারপর থেকেই পরিযায়ী শ্রমিকদের সাহায্য করে মানবিকতার পরিচয় দিয়ে চলেছেন এই তারকা।
ইনস্টাগ্রাম চ্যাটে শামি বলছিলেন, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি ওদের সাহায্য করার। পরিযায়ী শ্রমিকদের সত্যিই সবদিক বজায় রাখতে কষ্ট হচ্ছে। আমার বাড়ির সামনেই বড় রাস্তা। আমি দেখতে পায় মানুষকে কী যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। ওঁদের দেখে আমার মনে হয় আমার সাহায্য করা উচিত। তারপরই এগিয়ে আসি।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের লকডাউন ঘোষণা করতেই দুর্বিষহ হয়ে উঠেছে পরিযায়ী শ্রমিকদের জীবন। কাজ খুইয়ে, অস্থায়ী বাসস্থান খুইয়ে দিশেহারা হয়ে উঠেছেন তাঁরা। ওঁদের নেই মাথা গোঁজার জায়গা না আছে পেটে খাবার এমন অসহায় মানুষগুলোরই ত্রাতা হলেন শামি।





