দেশজুড়ে মুখে এবার মাস্ট মাস্ক, যেখানে সেখানে থুতু ফেললে কপালে জুটবে কড়া শাস্তি

যত্রতত্র থুতু ফেললে এবার পেতে হবে শাস্তি। করোনা মোকাবিলায় এ বার কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাবলিক প্লেসে বা কাজের জায়গায়, রাস্তা ঘাটে থুতু ফেলা এ বার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। মারণ করোনা প্রতিরোধে দেশজুড়ে মাস্কের ব্যবহারও এবার বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবারই শেষ হয়েছে দেশে লকডাউনের প্রথম ধাপ। সে দিনই জাতির উদ্দেশ্যে বক্তৃতায় প্রধানমন্ত্রী, লকডাউনের মেয়াদ ৩রা মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেন। এরপর বুধবার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানেই থুতু ফেলা ও মাস্ক পরা নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সব রাজ্যকে কঠোরভাবে সেই নির্দেশিকা পালনের কথাও বলা হয়েছে। নির্দেশিকা না-মানলে শাস্তির নিদান‌ও দেওয়া হয়েছে নয়া নির্দেশিকায়।

সামান্য ড্রপলেটসেই দ্রুত ছড়িয়ে পড়তে পারে কোভিড-১৯। এই সংকটময় মুহূর্তে কোনওরকম ঝুঁকি নিতে চায় না কেন্দ্র। ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গে আইন করে গুটখা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রাজ্যে পান মশলা ও জর্দার ব্যবহার এখনও নিষিদ্ধ না-হওয়ায় সেগুলির নাম করে গুটখার দাপট এখনও বজায় রয়েছে রাজ্যে। সেই প্রকোপ এ বার কিছুটা কমে কি না, তা বোঝা যাবে আগামী দিনে। এ ছাড়া মাস্ক ব্যবহার নিয়েও কড়া পদক্ষেপ করেছে সরকার। আগেই পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বর্তমান পরিস্থিতিতে রাস্তায় বেরোলে মাস্ক পরাটা বাধ্যতামূলক ঘোষণা করেছিল। এ বার গোটা দেশেই সেই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।

RELATED Articles

Leave a Comment