আর বেশিদিন বাকি নেই দুর্গাপুজোর। দিকে দিকে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। মায়ের আরাধনায় মেতেছে বাংলা। চলছে কেনাকাটাও। তবে এরই মধ্যে বাধ সাধছে গত কয়েকদিনের বৃষ্টি। তবে এবার হাওয়া অফিস জানাচ্ছে, শুধুমাত্র পুজোর শপিংই নয়, পুজোর ঘোরার প্ল্যানও এই বছর ভেস্তে যেতে পারে। নেপথ্যে এই বৃষ্টি।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বাংলা থেকে বর্ষা বিদায় নিতে নিতে প্রায় ১৫ অক্টোবর। কিন্তু পূর্ব ভারতে অক্টোবরের অনেকটা সময় ধরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলার তুলনামূলক বেশি বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আর অক্টোবরের প্রথম সপ্তাহে মহালয়া আর দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে দুর্গাপুজো। ফলে বৃষ্টির কারণে পুজোর প্ল্যানে ভাঁটা পড়তেই পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, সেপ্টেম্বরের বাকি দিনগুলোতে সেভাবে বৃষ্টি আর না হলেও অক্টোবর পড়তেই শুরু হবে বৃষ্টির ব্যাটিং। অক্টোবরের মাঝামাঝি সময় হালকা থেকে মাঝারি তো আবার কোনও কোনও সময় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৫ অক্টোবরের পর থেকে বাংলায় বৃষ্টি কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে গাঙ্গেয় উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আজ, শুক্রবার থেকে আবহাওয়া খানিক উন্নতি হবে। তবে এদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়াতে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া ভালো থাকবে। এই দু’দিন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
তবে আজ, শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহারেও হবে ভারী বৃষ্টি। পাহাড়ে ধসের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে বাড়বে নদীর জলস্তর।





