‘আর জি করে তাণ্ডব চালানোর ঘটনায় ধৃতদের মালা পরিয়ে বরণ মীনাক্ষী মুখোপাধ্যায়ের’, ছবি দেখিয়ে উঠল দাবী

আর জি কর হাসপাতালের ভাঙচুরের ঘটনায় ধৃতদের মালা পরিয়ে বরণ করছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ছবি দেখিয়ে এমনই অভিযোগ উঠল। ১৪ আগস্ট রাতে আর জি কর হাসপাতালে যে তাণ্ডবের ঘটনা ঘটে, তা নিয়ে বাম-বিজেপি সরব হয়েছিল শাসক দলের বিরুদ্ধে। আর এবার এমন এক ছবি সামনে আসায়, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এই ঘটনার প্রমাণ হিসেবে বেশ কিছু ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি পোস্ট করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবী, “১৪-১৫ অগস্টের রাতে আরজি কর হাসপাতালে হামলা এবং ভাঙচুরের ঘটনায় ওঁদের গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। শিয়ালদা আদালতে জামিন পাওয়ার জন্য তাঁদের স্বাগত জানান সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন (ডিআইওয়াইয়ের কর্মী-সমর্থকরা)। ওই দলে যাঁরা আছেন, তাঁদের মধ্যে একজনকে ঘটনার সময় ক্যামেরায় দেখা গিয়েছিল”।

আর জি কর তাণ্ডবের ঘটনায় গত সোমবার একসঙ্গে ৮৮ জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে শিয়ালদহ আদালত। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাদের। এই ঘটনায় তাদের আইনজীবী দাবী করেছিলেন, তাঁর মক্কেলরা এমন কোনও কাজ করেন নি যা আইন বিরুদ্ধে। তাঁর দাবী, তারাও প্রথম রাত দখলের রাতে শান্তিপূর্ণভাবেই মিছিল করছিল।

বলে রাখি, আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনার প্রতিবাদে গত ১৪ আগস্ট প্রাক স্বাধীনতার রাতে বিশেষ কর্মসূচি ছিল মেয়েদের। রাত দখলের কর্মসূচি করা হয়। সেদিন আর জি কর হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। হাসপাতাল ভাঙচুর করে। হামলা চালানো হয় জুনিয়র চিকিৎসকদের উপরেও।

সেই ঘটনায় বাম ও বিজেপি অভিযোগ তোলে, তরুণী চিকিৎসকের মৃত্যুর তথ্যপ্রমাণ লোপাট করার জন্যই এই হামলা চালানো হয়েছে। এই হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। এই আক্রমণ সামাল না দিয়ে পুলিশ নিজেদের লুকোতে ব্যস্ত ছিল বলে অভিযোগ। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে পুলিশ, এবার এই ঘটনায় ধৃতদের নিয়ে বিস্ফোরক দাবী তুললেন তৃণমূল সাংসদ।

আরও অন্যান্য খবর