আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় উত্তাল চারদিক। দুর্গাপুজোর মধ্যেও জারি আন্দোলন-প্রতিবাদ। জুনিয়র চিকিৎসকরা পালন করছেন আমরণ অনশন। এরই মধ্যে আর জি কর থেকে এল এক ভয়ঙ্কর ছবি। নতুন প্যাকেটে মিলল রক্তমাখা গ্লাভস। এই ঘটনায় সংক্রমণের আতঙ্ক ছড়াচ্ছে।
হাসপাতালের এক ইন্টার্ন জানান, তিনি চিকিৎসা করার সময় এই গ্লাভস দেখতে পান। তাঁর দাবী, আজ, বৃহস্পতিবার সকালে তিনি এইচআইভি রোগীর রক্ত নেওয়ার জন্য গ্লাভসের প্যাকেট নেন। প্যাকেট থেকে গ্লাভস বের করতে গিয়ে দেখেন তাতে রক্ত লাগা। তিনি ভাবেন, কোনওভাবে হয়ত সেটি নোংরা হয়ে গিয়েছে।
সেই গ্লাভস ফেলে অন্যটা নিতে গিয়েও দেখেন সেটিও নোংরা। প্রায় সবকটি গ্লাভসই রক্তমাখা বলে জানান তিনি। নার্স জানান, এদিম সকালে ওই গ্লাভসের প্যাকেট খোলা হয়। কিন্তু তাতে রক্তমাখা কীভাবে থাকতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু গ্লাভসই নয়, জানা যাচ্ছে, নানান মেডিক্যাল কলেজেই মিলছে ছত্রাক ধরা স্যালাইন, ব্যবহৃত সিরিঞ্জ। অব্যবস্থার জেরেই এমন কাণ্ড।
চিকিৎসকদের দাবী, এমন রক্তমাখা গ্লাভস পরে চিকিৎসা করলে রোগীদের শরীরে সংক্রমণ হতে পারে। হেপাটাইটিস বা এইচআইভি-র মতো রক্তবাহী রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই হইচই শুরু হয়েছে। ফের প্রশ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা।
আরও পড়ুনঃ অনশনের চারদিন পার, এখনও নিজেদের লক্ষ্যে অনড় জুনিয়র চিকিৎসকরা, অন্যদিকে লালবাজারেও চলছে প্রতিবাদ, সপ্তমীতে শহরে বাড়ল আন্দোলনের তীব্রতা
এই ঘটনায় স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলছেন, “নন-স্টেরাইল গ্লাভস কীভাবে আরজি করের ট্রমা বিল্ডিংয়ে এল তা দেখা হচ্ছে। হাসপাতালের স্টোরে সামগ্রী সরবরাহের আগে আমাদের নজরদারি ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থা এড়িয়ে রক্তের দাগ লাগা গ্লাভস কী ভাবে পৌঁছল তা দেখা হচ্ছে। এ সময় কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ কাজ করল কি না তাও দেখা দরকার। আমরা নন স্টেরাইল গ্লাভস সব সরানোর ব্যবস্থা করেছি”।





