সবে মিটেছে দুর্গাপুজো। পুজোর সময় বৃষ্টি তেমন হয়নি দক্ষিণবঙ্গে। হলেও তা খুবই সামান্য। ফলে পুজোর আনন্দ মাটি হয়নি বাঙালির। কিন্তু এবার কালীপুজোর আগে আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। বড় কোনও দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে।
হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। আর এর ফলে আজ, রবিবার হাওড়া, কলকাতা, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপের জেরে আগামী বুধবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা-সহ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া সম্পর্কে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, “মধ্য় আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২১ তারিখে (সোমবার) পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের পাশ্ববর্তী উত্তর আন্দামান সাগরে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে”।
জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার বা শুক্রবার অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’। এর প্রভাবে বাংলায় ভারী বর্ষণের ইঙ্গিত মিলল। আগামী ২৪ ঘণ্টায় মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগামী বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাল হাওয়া অফিস।
হাবিবুর রহমান বিশ্বাস আরও বলেন, “২৩ তারিখে (বুধবার) বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণ ২৪ পরগনা আর পূর্ব মেদিনীপুর, দুই জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা”।






