আর জি করের তরুণী চিকিৎসকদের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। চলছে প্রতিবাদ-আন্দোলন। ন্যায় বিচারের দাবী সর্বত্র। এমন ঘটনায় বারবার নারীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। মহিলা তো সার, ছোট্ট শিশুরাও যে বাংলায় সুরক্ষিত নয়, তা ফের প্রমাণ হল সাম্প্রতিক এক ঘটনায়। বিস্কুটের লোভ দেখিয়ে এক তিন বছরের শিশুকন্যাকে বাড়িতে ডেকে যৌন নির্যাতন করলেন পাড়ার প্রতিবেশী প্রৌঢ়।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকায়। অভিযুক্ত ওই প্রতিবেশী প্রৌঢ়ের নাম মহেশ সোরেন। বয়স ৫০-এর বেশি। স্থানীয় সূত্রে খবর, গতকাল, শনিবার তিন বছরের ওই শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডাকেন অভিযুক্ত। সেই সময় তার বাড়ি ফাঁকা ছিল।
জানা যাচ্ছে, সেই সুযোগে ওই তিন বছরের শিশুটির উপর যৌন নির্যাতন করেন ওই ব্যক্তি। শিশুটির যৌনাঙ্গে হাত দেন বলে অভিযোগ। চিৎকার করতে থাকে শিশুটি। ফলে ঘটনার কথা জানতে পারে শিশুর মা। সন্ধ্যার সময় এলাকায় ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা।
খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে আটক করে মহেশ সোরেনকে। পরে পকসো ধারায় অভিযোগ দায়েরের পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আজ, রবিবার আদালতে তোলা হবে ওই ব্যক্তিকে, এমনটাই খবর। গতকাল সন্ধ্যেতেই শিশুটিকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা করা হবে তার।
আরও পড়ুনঃ বড় সাইবার চক্র! সোশ্যাল মিডিয়ায় মৃত ঘোষণা ময়ূখরঞ্জন ঘোষকে, বাংলাদেশি জেহাদি হ্যাকারদের হাতে রিপাবলিক বাংলার সম্পাদকের ফেসবুক প্রোফাইল
এই প্রসঙ্গে কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার পর তার গোপনাঙ্গে রক্তের দাগ মিলেছে। আজ ডাক্তারি পরীক্ষা করা হবে”। তবে স্বস্তির খবর এই যে শিশুটি আপাতত সুস্থ রয়েছে।





