‘ডাক্তারদের আন্দোলনের পিছনে একটি রাজনৈতিক দল জড়িত’, শুনেছিলেন ‘গো ব্যাক’ স্লোগান, এবার তৃণমূলে সুরেই জুনিয়র চিকিৎসকদের ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা অভিজিতের

আর জি করের ঘটনার প্রতিবাদে জারি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। অনশন চালাচ্ছেন তারা। তাদের এই আন্দোলনকে আগাগোড়া কটাক্ষ করে এসেছে শাসক দল। এবার তৃণমূলের সুরেই সুর মিলিয়ে জুনিয়র চিকিৎসকদের ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন হঠাৎ এমন মন্তব্য তাঁর?

সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে অসহায় রোগীদের পক্ষে সওয়াল করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, চিকিৎসকরা রোগীদের বিপদে ফেলছেন। তিনি বলেন, “রোগীরা হাসপাতালে আসছেন অথচ ভর্তি হতে পারছেন না। এতে ডাক্তাররা নিজেদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন”।

বিজেপি সাংসদের কথায়, চিকিৎসকদের এই আন্দোলনের নেপথ্যে বামেদের হাত রয়েছে। তৃণমূলের মতোই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নেপথ্যে বামেরা জড়িয়ে বলে কটাক্ষ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, “ডাক্তারদের এই আন্দোলনের পিছনে একটি রাজনৈতিক দল জড়িত রয়েছে আমি তার নাম করছি না। ডাক্তাররা যতই নিজেদের অরাজনৈতিক বলুন না কেন এরা অরাজনৈতিক নন। এদের পিছনে আছে একটা মোটামুটি প্রতিষ্ঠিত দল রয়েছে। সিপিএমের কিছু অংশ আর অতি বাম কিছু অবয়বহীন গোষ্ঠী তারাই ডাক্তারদের আন্দোলনকে চালাচ্ছে”।

এর আগে চিকিৎসকরা যখন লালবাজার অভিযান করেছিলেন, সেই সময় তাদের আন্দোলনে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “এরা নিজদের স্বার্থে আন্দোলনকে চালিত করতে গিয়ে আমাকে গো ব্যাক বলেছে অথবা আমাদের অন্য কাউকে গো ব্যাক বলেছে। অথচ সিপিএমের বহু নেতাদের বা নকশালদের বেশ কয়েকজন নেতাকে তাদের আন্দোলনে দেখা গিয়েছে”। তাঁর কথায়, জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন আসলে জনবিরোধী আন্দোলন।

আরও পড়ুনঃ ধর্ষণের কোনও প্রমাণ নেই তরুণীর শরীরে, প্রকাশ্যে কৃষ্ণনগরের ছাত্রীর ময়নাতদন্তের রিপোর্ট, কী উল্লেখ রয়েছে রিপোর্টে? কীভাবে মৃত্যু তরুণীর?

আন্দোলনের জেরে চিকিৎসকদের চাকরি যেতে পারে কী না, সেই প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন, “আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় এতদূর যাবেন। এখনও তাঁর মানবিক মুখ দেখা যায়। তবে ডাক্তাররা ভুল করছেন। এটা কোন আন্দোলনই হচ্ছে না। তাদের আন্দোলন অন্ধকার গলিতে ঢুকে পড়েছে। মনে রাখতে হবে যে মানুষ নির্যাতিতার বিচার চাইছে, ডাক্তারদের ভারতনাট্যম দেখার জন্য মানুষ যাচ্ছে না”।

আরও অন্যান্য খবর