রাজ্যে বন্ধ হয়ে গেল তামাকজাত পানমশলা-গুটখা বিক্রি। এই দ্রব্যগুলি বিক্রির উপর স্বাস্থ্য দফতরের তরফে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেই মেয়াদ বাড়ানো হয়েছে বলে খবর।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জন স্বাস্থ্যের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা’-র নানান ধারা মেনে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী ৭ নভেম্বর থেকে।
২০০৬ সালে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা ও গুণমান আইনে এই তামাক বা নিকোটিনযুক্ত পদার্থগুলিকে ক্ষতিকারক বলে চিহ্নিত করা হয়েছিল। সেই কারণে এই দ্রব্যগুলি ক্রয় ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল বলে জানায় স্বাস্থ্য দফতর।
দেশের নানান রাজ্যেই প্রায় এক দশক আগে থেকেই এই সমস্ত গুটখা ও তামাকজাত পানমশলা উৎপাদন ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা শুরু হয়েছিল। পরবর্তীতে সেই পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গও। এবার সেই নিষেধাজ্ঞায় বাড়ানো হল মেয়াদ।
আরও পড়ুনঃ কয়লা-গরু চুরি এখন অতীত! এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উঠল মাছ চুরির অভিযোগ, দেদার মাছ লুট শাসকদলের নেতার নেতৃত্বে
তবে সমস্যাটা অন্য জায়গায়। এর আগেও ২০১৩ ও ২০১৯ সালে দু’বার গুটখা-সহ নানান তামাকজাত দ্রব্যের বিক্রির উপর নির্দেশিকা জারি করা হয়েছিল নবান্নের তরফে। কিন্তু ওই সেই নির্দেশ দেওয়াই সার। আইনকে বুড়ো আঙুল দেখিয়েই খোলা বাজারে অবাধে বিক্রি হয়েছে তামাকজাত দ্রব্য। এবারে তেমনটাই হবে কী না, তা নিয়ে প্রশ্ন তো রয়েছেই!






