কেরিয়ার শুরু করেছিলেন বলিউডের মি.পারফেকশনিস্টের হাত ধরে। দঙ্গলে তাঁর অভিনয় চোখ টানে দর্শককুলের। উচ্চ প্রশংসিত হয় তাঁর অভিনয়। তাঁকে শেষবার দেখা গিয়েছিল সোনালি বসু পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় প্রিয়ঙ্কা চোপড়া-ফারহান আখতারের সঙ্গে।
ধীরে ধীরে যখন বলিউডে জমি শক্ত হচ্ছিল তখনই আচমকা ধর্মের দোহাই দিয়ে বলিউড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী জাইরা ওয়াসিম। এবার ফের সকলকে বিস্মিত করল সোশ্যাল মিডিয়ায় তাঁর করা একটি পোস্ট। যেখানে তিনি ভক্তদের তাঁর প্রশংসা করতে নিষেধ করেছেন। কারণ সেটা তাঁর ‘ইমান’ বা বিশ্বাসের জন্য বিপজ্জনক!
টুইটারে জাইরা লিখেছেন , সকলেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন। সেটা তাঁর কাছে অস্বস্তির কারণ। জাইরা লিখেছেন, ‘মানুষের ভালবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। তবে আমি এটাকে বেশি গুরুত্ব দিতে পারি না কারণ এটা একেবারেই সন্তোষজনক নয়। কীভাবে বলব যে এটা আমার কাছে বিরাট বড় এক পরীক্ষা হয়ে দাঁড়ায় এবং আমার ইমানের কাছে তা বিপজ্জনকও। অনেকে আমাকে যতটা ধার্মিক বলে মনে করেন আমি তা নই। আমি সকলের কাছে আবেদন করছি আমার এত প্রশংসা করবেন না। বরং প্রার্থনা করুন যাতে ঈশ্বর আমার অগুনতি ত্রুটিগুলো এড়িয়ে গিয়ে আমাকে দয়া করেন।’





