ভাইফোঁটার দিন কী বৃষ্টি হবে রাজ্যে? বঙ্গে কবে থেকে পড়বে শীত? জানাল আবহাওয়া দফতর!

আজ, রবিবার ভাইফোঁটা। ভাইবোনদের জন্য এক বিশেষ আনন্দের দিন এটি। ভাইদের মঙ্গল কামনায় তাদের দীর্ঘায়ু কামনা করে কপালে দই-চন্দনের ফোঁটা দেন দিদি-বোনেরা। কিন্তু সকলেই বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন যে এই ভাইফোঁটার আনন্দ বৃষ্টির ফলে কোনওভাবে মাটি হয়ে যাবে না তো? কী জানাচ্ছে হাওয়া অফিস আবহাওয়ার হালহকিত সম্পর্কে?

জানা গিয়েছে, রাজ্যে উত্তর-পশ্চিম ও পশ্চিমী হাওয়া ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই। এর ফলে পশ্চিমের জেলাগুলিতে নভেম্বর পড়তেই সকালে ও রাতের দিকে হালকা শীতের আমেজ রয়েছে। রাজ্যের তাপমাত্রা কমেছে ২-৪ ডিগ্রি সেলসিয়াস মতো। আগামী সপ্তাহ থেকেই শীত পড়তে শুরু করবে বঙ্গে।

এরই মধ্যে আবার বাংলাদেশ থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা ও তামিলনাড়ু উপকূল সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে মঙ্গল ও বুধবার পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় সামান্য বৃষ্টি হতে পারে বলে খবর। কলকাতা, হাওড়া ও হুগলিতেও এর কিছু প্রভাব পড়তে পারে।

তবে হাওয়া অফিস সূত্রে খবর, ভাইফোঁটার দিন বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে বাতাসে এখনও সামান্য জলীয় বাষ্প থাকার কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি দক্ষিণবঙ্গের কিছু জেলায়।

তবে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ-বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। ৭ নভেম্বর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।  

আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৪-৯৩ শতাংশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর