কালীপুজো শেষ। পড়ে গিয়েছে নভেম্বর মাসও। কিন্তু এখনও শীতের কোনও আমেজ নেই বঙ্গে। নেই সেই শিরশিরানি ভাব। আবহাওয়া খানিক শুষ্ক হলেও তাপমাত্রা বিশেষ কমছে না। এবার শীতের পথে তৈরি হল কাঁটা। ফের নিম্নচাপের প্রভাবে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। আর এর অভিমুখ হবে শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। এর জেরে উত্তাল হবে সমুদ্র।
উত্তর-মধ্য, দক্ষিণ বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ৩৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী চার-পাঁচদিন তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একটু বাড়বে। এর ফলে সকালের দিকে কিছু কিছু এলাকায় কুয়াশা বা ধোঁয়াশা তৈরি হবে। উপকূলের কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দু’দিনে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনার কিছু অংশে। কলকাতায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার থেকে শুষ্ক আবহাওয়াই থাকবে। এর আগে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। পরবর্তীতে শুধুমাত্র পার্বত্য এলাকায় হবে সামান্য বৃষ্টি।






