আমেরিকায় হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। আর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রেসিডেন্ট পাবে আমেরিকা। এবারের লড়াই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বনাম ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এই নির্বাচনের জন্যই নিউ ইয়র্কের ব্যালট পেপারে দেখা গেল বাংলা ভাষা। নানান ভাষার পাশাপাশি নিউ ইয়র্কের ব্যালট পেপারে একমাত্র ভারতীয় ভাষা হিসেবে জায়গা করে নিয়েছে বাংলা ভাষা যা বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের।
ধনীতম দেশের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইতে জায়গা করে নিল বাংলা ভাষা। এই বিষয়ে নগর পরিকল্পনা বিভাগের তরফে জানানো হয়েছে, নিউ ইয়র্কের বাসিন্দারা ২০০-এরও বেশি ভাষায় কথা বলেন। বোর্ড অফ ইলেকশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ানের কথায়, নিউ ইয়র্কে নানান ভাষাভাষী মানুষের বাসের কারণেই ইংরেজি ছাড়াও আরও চারটি ভাষা স্থান পেয়েছে ব্যাপট পেপারে। এই চার ভাষার মধ্যে বাংলা ছাড়াও রয়েছে কোরিয়ান, স্প্যানিশ ও চাইনিজ।

জানা গিয়েছে, প্রদেশের আইন অনুযায়ী, নিউ ইয়র্ক সিটি নির্দিষ্ট নির্বাচনের জন্য ব্যালট পেপারে বাংলা ভাষা ব্যবহার করতে বাধ্য। শুধুমাত্র ব্যালট পেপারই নয়, ভোটের নানান উপকরণের জন্য বাংলা ভাষার ব্যবহার অবশ্যম্ভাবী। এর কারণ হিসেবে মাইকেল রায়া জানিয়েছেন, বোর্ড অফ ইলেকশনের তালিকায় বাংলা ভাষা রয়েছে।
রায়ান জানান, “ভারত বহু ভাষাভাষীর দেশ ৷ নিউইয়র্কের বাসিন্দারাও ভিন্ন ভাষাভাষী৷ পাশাপাশি এই প্রদেশে বসবাসকারী এশিয়ানের তালিকাও দীর্ঘ৷ ফলে একটি নির্দিষ্ট জনসংখ্যার ঘনত্বের মধ্যে একটি এশিয়ান ও ভারতীয় ভাষা থাকা প্রয়োজন। বহু আলোচনার পর বাংলা ভাষাকে বেছে নেওয়া হয়েছে। নিউইয়র্কের কুইন্স এলাকায় ২০১৩ সালে প্রথম বাংলায় ব্যালট ছাপা হয়েছিল”।
আরও পড়ুনঃ চলতি মাসে পরপর চারদিন হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল, দুর্ভোগ চরমে উঠবে নিত্যযাত্রীদের
নিউ ইয়র্কে প্রচুর সংখ্যক বাঙালি থাকেন। বেশীরভাগই বাংলাদেশ থেকে আগত মানুষ। ২০২০ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী, নিউ ইয়র্কের কুইনস, ব্রুকলিন ও ব্রঙ্কসে মূলত বাঙালিরা থাকেন। আমেরিকার প্রায় ৪০ শতাংশ বাঙালিই নিউ ইয়র্কে থাকেন। এই সংখ্যার কথা মাথা রেখেই ভোটের ব্যালট পেপারে রাখা হয়েছে বাংলা ভাষা।






