সিআইডি-র তলব, নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং, ‘রক্ষাকবচের’ আর্জি

সিআইডি তলব করেছিল তাঁকে। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন সিং। ভোটের মুখে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবী তাঁর। সেই কারণে রক্ষাকবচের আর্জি আদালতের কাছে।

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ আসনে রয়েছে উপনির্বাচন। এর ঠিক আগের দিন অর্থাৎ ১২ নভেম্বর অর্জুন সিংকে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। অর্জুনের দাবী ছিল, ভোটের আগে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। সেই কারণে আগেভাগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

দীর্ঘদিন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। এর পাশাপাশি নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কেরও চেয়ারম্যান ছিলেন তিনি। সেই কো-অপারেটিভ ব্যাঙ্কেই কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই ঘটনাতেই সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে সিআইডি তলব করে অর্জুন সিংকে। ১২ নভেম্বর বেলা ১১টায় ভবানী ভবনে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।  

অর্জুন সিং আগেই দাবী করেছিলেন, “ভোটের আগের দিন উদ্দেশ্য প্রণো:দিতভাবে আমাকে ডাকা হয়েছে। তৃণমূলে থাকলেই গুড বয়, আর বিজেপি করলে ওদের চোখে ব্যাড বয়”।

অন্যদিকে, তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবী, এই তলবের সঙ্গে নৈহাটির নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তিনি জানান, “২০২০ সালে ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে বিপুল পরিমাণ আর্থিক তছরুপের অভিযোগ আমি করি। জালি ওয়ার্ক অর্ডার নিয়ে কো-অপারেটিভ থেকে লোন নেওয়া হয়েছিল। এই লোন প্রাক্তন সাংসদের অনুগামীদের নামে হয়েছিল। তাঁর ভাইপো পাপ্পু সিং এই অভিযোগে ২০২১ সালে গ্রেফতার হয়। ছমাস জেলও খাটে। এবার ওনাকেও জেল খাটতে হবে”।

আরও পড়ুনঃ সাতসকালে জোকা ইএসআই হাসপাতালে উদ্ধার যুবকের দেহ, থেঁতলে গিয়েছে মুখ, আত্মহত্যা নাকি অন্য কিছু? মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

তবে সিআইডিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে এবার অর্জুন সিং। রক্ষাকবচের আর্জি জানালেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার অনুমতি দিয়েছেন বলে খবর। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।

আরও অন্যান্য খবর