প্রকাশ্য রাস্তায় ২ তরুণীকে কটূক্তি-হেনস্থা মদ্যপদের, প্রতিবাদ করলে জুটল মার, বাধা দেওয়ায় মারধর পুরুষ বন্ধুকেও

দিনদিন যেন রাজ্যে ভয়ভীতি বেড়েই চলেছে। প্রকাশ্য রাস্তায় এবার বের হতেই ভয় পাবেন মহিলারা। যেভাবে দিনদিন মহিলাদের হেনস্থার ঘটনা বাড়ছে, তাতে পরিস্থিতি যে বেশ উদ্বেগজনক, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার ফের খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় ২ তরুণীকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল।

ফের একবার শিরোনামে লেকটাউন। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার নাচের ক্লাস থেকে বাড়ি ফিরছিলেন ২ তরুণী। তাদের সঙ্গে ছিলেন এক পুরুষ বন্ধুও। দমদম পার্কের কাছে কিছু মদ্যপ দুষ্কৃতী তরুণীদের কটূক্তি করেন। ঘটনার প্রতিবাদ করলে তাদের হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ।

তরুণীদের সঙ্গে থাকা পুরুষ বন্ধু তাতে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে খবর। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদের দ্বারস্থ হন আক্রান্ত তরুণী ও যুবকের পরিবার। গতকাল রাতেই লিখিত অভিযোগ দায়ের করা হয় লেকটাউন থানায়। এরপর দমদম পার্কের একটি হোটেল থেকে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।

আক্রান্ত তরুণের বাবার অভিযোগ, ওই হোটেলে বেআইনি কার্যকলাপ হয়। স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদের অভিযোগ, যে হোটেল থেকে দু’জনকে আটক করা হয়েছে, সেই হোটেলের মালিক বিজেপি নেতা আমরজিত ঝাঁ। তিনি বলেন, “একজন তরুণ-তরুণী নিয়ে যাচ্ছিল। সেই সময় তাঁদের বেধড়ক করে এলাকার দুজন যুবক। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে”।

আরও পড়ুনঃ ‘মাটিতে পুঁতে দেব…’, শাহ্‌’র উপস্থিতিতেই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, মিঠুনের বিরুদ্ধে থানায় দায়ের এফআইআর

বলে রাখি, এই দু’দিন আগেই লেকটাউনে ঘটে এমনই এক ঘটনা। এক মহিলাকে কটূক্তি করায় প্রতিবাদ করেন তাঁর স্বামী। সেই সময় স্বামীকে মারধর করা হয়েছিল। সেদিনই আবার ওই লেকটাউনেই বিসর্জনকে কেন্দ্র করে পুলিশ কর্মীদের মারধর করে কিছু দুষ্কৃতী। এবার ফের তেমনই ঘটনা আবার তাও সেই লেকটাউনেই।   

আরও অন্যান্য খবর