রাজ্যের নানান প্রান্ত থেকেই নানান সময়ে নারীদের উপর যৌন নির্যাতনের খবর শোনা যায়। নানান গৃহ শিক্ষক থেকে শুরু করে স্কুল শিক্ষকের বিরুদ্ধেও ছাত্রীদের হেনস্থা করার অভিযোগ নেহাতই কম নয়। এবার ফের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের খারাপভাবে স্পর্শ করা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল।
ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়া থানার পলসন্ডা গার্লস হাইস্কুলে। অভিযুক্ত শিক্ষকের নাম সামিউল হোসেন। ওই স্কুলের অস্থায়ী শিক্ষক তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নবম শ্রেণীর ছাত্রীদের কুপ্রস্তাব দিচ্ছেন। এমনকি, সুযোগ পেলেই ছাত্রীদের শরীরে খারাপভাবে স্পর্শ করেন তিনি। দিনের পর দিন এমন কীর্তি মুখ বুজে সহ্য করলেও এবার প্রতিবাদ করেন ছাত্রীরা।
এই ঘটনায় স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও ছাত্রীরা। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবী তোলেন তারা। এক অভিভাবক জানান, ওই শিক্ষক তাঁর মেয়েকে মোবাইলে অশালীন মেসেজ পাথাতেম। খারাপ ছবিও পাঠাতেন বলে অভিযোগ। এমনকি, ছাত্রীর গায়ে হাত দেওয়া, বাইরে তাঁর সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ওই শিক্ষক, এমনটাই অভিযোগ। এমন কাজ অনেক ছাত্রীর সঙ্গেই করেছেন শিক্ষক।
এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এমন নানান অভিযোগ উঠেছিল। প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় ছাত্রীরা। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত মুখোপাধ্যায় অভিযুক্ত শিক্ষককে সতর্কও করেন বলে খবর। কিন্তু তা সত্ত্বেও এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ মেজাজটাই আসল…! ‘তৃণমূল করি…’, সমস্ত দোষ স্বীকার করে রোয়াবের সঙ্গে বলল দাগি আসামী
এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ এসে তা নিয়ন্ত্রণে আনে। সামিউলের বিরুদ্ধে অভিযোগকে অস্বীকার করেন নি প্রধান শিক্ষক। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। তবে পুলিশ সূত্রে, তারা কোনও অভিযোগ পান নি। অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা।






