অনলাইন ডেলিভারি পরিষেবার উপর মানুষের নির্ভরতা দিন দিন বাড়ছে। খাবার, আনাজপাতি থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনের নানা জিনিস এখন বাড়িতে বসেই অর্ডার করা যায়। কিন্তু সেই খাবার বা পণ্য ক্রেতার হাতে পৌঁছনোর আগে কী অবস্থায় রাখা হচ্ছে, তা নিয়ে অনেকেরই তেমন ধারণা নেই। বেঙ্গালুরুতে জেপ্টো (Zepto)-র একটি ওয়্যারহাউস থেকে সামনে আসা ছবি সেই প্রশ্নই আরও জোরালো করে তুলেছে।
মঙ্গলবার বেঙ্গালুরুর শহরতলির একটি জেপ্টো (Zepto) ওয়্যারহাউসে অভিযান চালান খাদ্য নিরাপত্তা দফতরের আধিকারিকরা। Nippon Express নামে একটি সংস্থা ওই স্টোরেজটি পরিচালনা করে বলে জানা গিয়েছে। সেখানে পৌঁছে গুদামের ভিতরের পরিস্থিতি দেখে হতবাক হয়ে যান আধিকারিকরা। খাবারের প্যাকেট থেকে শুরু করে দুধের প্যাকেট এবং সফট ড্রিঙ্কের ক্যান মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি ছড়িয়ে ছিল নানা ধরনের আবর্জনা।
খাদ্যপণ্য রাখার জায়গায় এই ধরনের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। খাবার মানুষের বাড়িতে পৌঁছনোর আগে যদি অপরিচ্ছন্ন পরিবেশে মেঝেতে পড়ে থাকে, তাহলে তার নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। তবে শুধু এই একটি ওয়্যারহাউসেই নয়, গত কয়েকদিন ধরে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় খাদ্য নিরাপত্তা দফতরের অভিযান চলছে। একাধিক রেস্তোরাঁ থেকে খাবার ও খাদ্য তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে এবং কয়েকটি জনপ্রিয় পানশালাতেও তালা ঝোলানো হয়েছে।
মঙ্গলবার শহরের তিনটি ইন্দিরা ক্যান্টিনেও হানা দেন খাদ্য নিরাপত্তা আধিকারিকরা। রান্নাঘরে খাবারের মান, সংরক্ষণ পদ্ধতি, লেবেলিং এবং রান্নার সময় কী ধরনের নিয়ম মানা হচ্ছে, তা খতিয়ে দেখা হয়। পরিদর্শনের পর তিনটি ক্যান্টিনকেই নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এই ইন্দিরা ক্যান্টিন প্রকল্প চালু করেছিলেন। কম দামে সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
আরও পড়ুনঃ “তাঁর চেয়ে কুকুর হওয়া ভালো!” “আমি যে দেশের খাই, তার হয়েই লড়াই করি…” নাসিরুদ্দিনকে ‘শিয়াল’ বলে নজিরবিহীন কটা*ক্ষ কঙ্গনার! হঠাৎ কেন চটলেন অভিনেত্রী?
এদিকে বেঙ্গালুরু আর্বান এবং গ্রেটার বেঙ্গালুরু এলাকার বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি একাধিক তিনতারা ও পাঁচতারা হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য খাবারের দোকানেও পরিদর্শন করেছেন আধিকারিকরা। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়মে কোনও অনিয়ম ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেপ্টো (Zepto)-র ওয়্যারহাউসের ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।






