ইচ্ছে বলেই আর কোনও আলপটকা মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলা যাবে না। যদি এম্ম হয়, তাহলে সেই নেতা সাসপেন্ড করবে দল। কোনও ভুলই যে আর রেয়াত করা হবে না, তা স্পষ্ট জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শক্ত হাতে দলের রাশ টানতে উদ্যত দলনেত্রী।
আজ, সোমবার কালীঘাটে ছিল তৃণমূল কর্মসমিতির বৈঠক। এই বৈঠকে দলের শীর্ষনেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকের শেষে সাংবাদিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় করেন নি। বরং করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি বলেন, “দল সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে কেউ যা খুশি মন্তব্য করতে পারবেন না। কাউকে তিনবার শোকজের পর সাসপেন্ড করা হবে”।
জানা গিয়েছে, এই বৈঠকে আলোচনায় স্থির করা হয়েছে শৃঙ্খলা রক্ষার উদ্দেশে এবার থেকে সংসদ, বিধানসভা ও দলীয় স্তরের তিনটি কমিটি থাকবে। কোনও নেতার বিরুদ্ধে যদি এই তিন কমিটি থেকে তিনটি শোকজ নোটিশ যায়, তাহলে সংশ্লিষ্ট নেতাকে সাসপেন্ড করা হবে। তিন কমিটির ক্ষেত্রেই বশ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন কমিটি থেকে কোনও শোকজ নোটিশ গেলে অবশ্যই জবাব দিতে হবে আত্র তিনবার নোটিশ গেলে সেই সদস্যকে সাসপেন্ড করা হবে।
কেন এই সিদ্ধান্ত?
তৃণমূল এই মুহূর্তে মহীরুহে পরিণত হয়েছে। অনেক জায়গাতেই বিরোধীরা নেই বললেই চলে। কিন্তু দলের মধ্যেই একাধিক গোষ্ঠী তৈরি হচ্ছে। এমন আবহে মানুষের মধ্যে দল নিয়ে যাতে কোনও বিরূপ চইন্তা বা ভুল বার্তা না যায়, সেই কারণেই এখন থেকেই দলের শৃঙ্খলায় জোর দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বৈঠকে মমতা জানিয়েছেন, দলের ঊর্ধ্বে কেউ নয়। সেই কারণে দলের পাশে থেকে আরও বেশি করে যে মানুষের পাশে থাকতে হবে, তেমনটাই স্পষ্ট জানান মমতা। কথা বলার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন দলনেত্রী। কোনও পদে থেকে কেউ যেন এমন কোনও মন্তব্য না করেন যাতে মানুষের কাছে ভুল বার্তা যায়।
জানা গিয়েছে, তিন কমিটির জন্য নেতাদেরও বাছাই করে দেওয়া হয়েছে। সংসদের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তাতে থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়, ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক। বিধানসভার জন্য তৈরি করা কমিটিতে শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য থাকবেন। আর দলীয় স্তরের জন্য থাকা কমিটিতে সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য থাকবেন।






