পার্থ রইলেন জেলেই, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তাঁর তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়

মায়ের মৃত্যুর কারণে প্যারোলে মুক্ত ছিলেন তিনি। তবে এবার জামিনই পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী। ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার আড়াই বছর পর অর্পিতাকে প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছিল আদালত। মায়ের মৃত্যুর কারণে ছাড়া পেয়েছিলেন তিনি। এবার প্যারোলে থাকাকালীনই জামিন পেলেন পার্থ-ঘনিষ্ঠ বান্ধবী। তবে জামিন পেলেও কিছু শর্ত মেনে চলতে হবে অর্পিতাকে।  

জানা গিয়েছে, ৫ লক্ষ টাকার বন্ডে অর্পিতার জামিন মঞ্জুর করেছে ইডির বিশেষ আদালত। জামিন পেলেও কলকাতার বাইরে যেতে পারবেন না অর্পিতা। তাঁকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে বলে জানিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। কলকাতা পুলিশের জুরিসডিকশনের বাইরে যেতে পারবেন না তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালে জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। নিয়োগ দুর্নীতিতে চলেছিল এই অভিযান। সেই সময় অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটির বেশি টাকা ও প্রচুর সোনাগয়না উদ্ধার হয়েছিল। এরপরই দু’জনকে গ্রেফতার করে ইডি। এই মামলায় আগে বারবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়েছে। তবে অবশেষে এবার জামিন পেলেন অর্পিতা। কিন্তু পার্থর জামিন মামলা এখনও ঝুলছে আদালতে।  

আরও পড়ুনঃ দুর্ধর্ষ ডাকাতি এসবিআই ব্যাঙ্কে, লকার ভেঙে সর্বস্ব লুঠ, মাথায় হাত গ্রাহকদের

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলাতেই জামিনের জন্য অভিযুক্তদের দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে। শুধুমাত্র অর্পিতার ক্ষেত্রেই দেখা গেল, নিম্ন আদালত থেকেই তিনি জামিন পেলেন। আদালতে অর্পিতা বারবার দাবী করেছেন, তাঁর ফ্ল্যাটে যে টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা তাঁর নয়। অর্পিতা মন্ত্রী-ঘনিষ্ঠ হলেও, তিনি  নিজেকে কখনও প্রভাবশালী বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেননি। সেই কারণেই সহজে তিনি জামিন পেয়েছেন বলে মনে করা হচ্ছে।   

RELATED Articles