বইছে উত্তুরে হাওয়া! রাজ্যজুড়ে ভরপুর শীতের, তবে জাঁকিয়ে শীতের জন্য হাপিত্যেশ করছে বঙ্গবাসী

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ চলছে। শীতের আমেজ ভরপুর রয়েছে রাজ্যে। তবে এখনও সেই জাঁকিয়ে কনকনে শীত পড়ার অপেক্ষায় বঙ্গবাসী। সেই অপেক্ষার প্রহর এবার শেষ, অন্তত আলিপুর আবহাওয়া দফতরের তেমনটাই পূর্বাভাস।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং উত্তর ভারতের জ়েড স্ট্রিম উইন্ডের কারণে শীত কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছিল। তবে সেই নিম্নচাপ আপাতত সরে গিয়েছে তামিলনাড়ুর দিকে। ফলে বাংলায় শীতের আমেজ ফিরেছে। ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া।

হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সকালের দিকে দেখা যাবে ঘন কুয়াশা। শনিবারের মধ্যেই তাপমাত্রা ৪ ডিগ্রি নামতে পারে। এর ফলে কলকাতায় সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে আর পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।  

সকালের দিকে কুয়াশার জেরে জেলাগুলিতে দৃশ্যমানতা কম থাকবে। ২০০ মিটারের মধ্যে দৃশ্যমানতা থাকতে পারে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দৃশ্যমানতা কম থাকবে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতেও।

আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার মধ্যে এক ধাক্কায় ২ ডিগ্রি তাপমাত্রা নেমেছে। গতকাল, মঙ্গলবার শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৭ শতাংশের মধ্যে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles