বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া যেন আমাদের রোজকার জীবনের সঙ্গী হয়ে উঠেছে। ফোন খুললেই নানান ভিডিও-ছবি সামনে আসে আমাদের। নানান ভিডিও নানান সময় ছাপ ফেলে যায় আমাদের মনে। কোনও ভিডিও দেখে আমরা বেশ উচ্ছ্বসিত হয়ে পড়ি, আবার কোনও ভিডিও আমাদের চোখের কোন ভেজায়।
নানান সময় নানান ভিডিও বা ছবি আমাদের আবার বেশ আবেগপ্রবণও করে তোলে। তবে কিছু কিছু ভিডিও এমন থাকে, যা দেখে আমাদের মন ভালো হয়ে যায়। সেই ভিডিও আপ্লুত করে তোলে আমাদের মনকে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তেমনই এক ভিডিও।
অনেক সময়ই দেখা যায়, নানান মন্দির চত্বরেই হনুমান ঘোরাফেরা করছে। পারতপক্ষে এদের বেশ ভয়ই পায় সকলে। হাতে কোনও জিনিস বা খাবার থাকলে, তা ছিনিয়ে নিতে বানরসেনার জুড়ি মেলা ভার। কিন্তু এবার যে ভিডিও সামনে এল, তাতে সেই বানরই মানুষের মন ভালো করে দিল।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক বজরংবলীর মন্দিরে বসে প্রসাদ গ্রহণ করছেন ভক্তরা। আর সেই সময় কোথা থেকে এক হনুমান এসে এক ভক্তের প্রসাদের পাত থেকেই খাবার তুলে খেতে শুরু করে। মন্দিরের সেবায়তরা সেই হনুমানকে তাড়িয়ে দিয়ে চাইলেও ওই ভক্ত তাতে বাধা দেন। বরং তিনি হনুমানকে তাঁর থেকে খাবার খাওয়ার জন্য সাহস জোগান।
এমন ঘটনা যেন মন কেড়েছে সকলের। নেটিজেনদের কথায়, বজরংবলীর মন্দির বলে কথা। তাই তো হনুমানজি নিজে এসেছেন প্রসাদ গ্রহণ করতে। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এমন অসাধারণ ভিডিও দেখে আপ্লুত নেটবাসী।





