কর্মসূত্রে থাকেন দুবাইতে স্বামীর সঙ্গে। নিজে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থায় কর্মরতা এবং স্বামী একটি নির্মাণকারী সংস্থায় কাজ করেন। বর্তমানে তিনি গর্ভবতী। স্বামী ছাড়া তাঁকে দেখভালের কেউ নেই। কিন্তু এই লকডাউনের বাজারে তাঁর স্বামীর অফিস খোলা। তাই তিনি দেশে ফিরতে চান এবং সেই জন্য তিনি দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের।
তিনি অর্থাৎ কেরলের কোঝিকোড়ের বাসিন্দা আথিরা গীতা শ্রীধরন। সুপ্রিম কোর্টের কাছে আবেদনে তিনি লিখেছেন জুলাই মাসে তাঁর সন্তান প্রসবের কথা এবং এই জন্য তিনি ভারতে তাঁর নিজের বাড়িতে ফিরে আসতে চান। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জন্য হওয়া লকডাউনের কারণে তিনি তা করতে পারছেন না।
প্রসঙ্গত ভারতে এখন সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ। আবেদনে তিনি আরও লেখেন যেহেতু জুলাই মাসে তাঁর প্রসবের সময়সীমা তাই তিনি মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। কিন্তু বর্তমানে, ভারত সরকার তাঁকে ফিরিয়ে আনতে কোনও সুবিধা সরবরাহ করছে না এবং তিনি ও তাঁর অনাগত শিশু অবিচ্ছিন্ন ঝুঁকিতে রয়েছেন, বলেও দাবি তাঁর। আবেদনে আরও বলা হয়েছে, তিনি ছাড়াও দুবাইতে আরও অনেকে আছেন যারা ভারতে ফিরতে চান। যদিও এই আবেদনের রায়দান এখনও হয়নি সুপ্রিম কোর্টে।






