নতুন ভাইরাসে বিপর্যস্ত চিন! হাসপাতাল ভরা রোগী, ছড়াল মৃত্যুর খবর!

নতুন বছরের (New year) শুরুতেই চিনে নতুন ভাইরাসের ছড়াছড়ি ঘিরে আলোড়ন। সোশ্যাল মিডিয়ায় (social media) ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালগুলিতে রোগীদের উপচে পড়া ভিড়। অসংখ্য রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন অসমর্থিত সূত্র। এভাবেই পাঁচ বছর আগে, ২০২০ সালে চিন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনা। সেই স্মৃতি এখনও দগদগে। এবার হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV) ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

করোনার পর ঠিক একইভাবে ছড়াচ্ছে এইচএমপিভি। শ্বাসযন্ত্রে সংক্রমণ এবং ঠান্ডা লাগার মতো উপসর্গ নিয়ে হাজির হয়েছে এই ভাইরাস। শীতকালে এমন সংক্রমণ স্বাভাবিক হলেও এর গতি এবং প্রকৃতি চিন্তার কারণ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া দাবি করছে, ভাইরাসের সংক্রমণে মৃত্যু ও অসুস্থতার ঘটনা বাড়ছে। ইতিমধ্যেই হংকংয়েও এই ভাইরাসের সংক্রমণের খবর মিলেছে। তবে বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত তথ্য জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চিনের তরফে আতঙ্ক কমানোর চেষ্টা করা হলেও পরিস্থিতি অন্য কথা বলছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, “শীতকালে শ্বাসযন্ত্রে সংক্রমণ বাড়ে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। চিনে ভ্রমণ নিরাপদ।” যদিও সোশ্যাল মিডিয়ার তথ্য এবং চিনের হাসপাতালের ছবি এই আশ্বাসকে প্রশ্নের মুখে ফেলছে।

চিন থেকে করোনা ভাইরাস ছড়ানোর সময় ভারত সবচেয়ে বেশি প্রভাবিত দেশগুলির মধ্যে ছিল। তাই নতুন করে এইচএমপিভি ছড়ানোর খবর ভারতেও উদ্বেগ বাড়িয়েছে। তবে ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের আধিকারিক ডঃ অতুল গোয়েল জানিয়েছেন, এই ভাইরাস করোনা-পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটাবে এমনটি নয়। তার কথায়, “এইচএমপিভি একটি সাধারণ রেসপিরেটরি ভাইরাস। উপসর্গ ঠান্ডা লাগার মতোই। শিশু এবং প্রবীণরা এতে বেশি আক্রান্ত হতে পারে। তবে ভারতে এর কোনও প্রভাব এখনও দেখা যায়নি।”

আরও পড়ুনঃ বাড়ছে করের বোঝা! দাম বাড়বে সিগারেট, মদ, হোটেল ও বিমানের টিকিটে!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও এ বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক থাকা জরুরি। চিন থেকে ছড়ানো ভাইরাসের ইতিহাস ভেবে বর্তমান পরিস্থিতি নজরে রাখা এবং সঠিক পদক্ষেপ নেওয়াই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।

আরও অন্যান্য খবর