করোনা আক্রান্ত নন, শুধু আতঙ্কিত হয়েই খড়গপুরে আত্মহত্যার চেষ্টা আরপিএফ জওয়ানের

করোনা ভাইরাস ধরেনি তাঁকে। স্রেফ আতঙ্কেই এবার রেলব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক আরপিএফ জওয়ান। গুরুতর জখম অবস্থায় তাঁকে রেললাইন থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন সহকর্মীরাই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে।

জানা গিয়েছে, ওই আরপিএফ জওয়ানের নাম এসপি সাহু। গত কয়েকদিন ধরেই তিনি জ্বর ও সর্দিতে ভুগছিলেন। আর এগুলিই হল করোনার প্রাথমিক উপসর্গ। সেইজন্যই হয়তো করোনার আতঙ্ক গ্রাস করেছিল তাঁকে। শুক্রবার সকালে খড়গপুর স্টেশনের কাছে রেলব্রিজ থেকে ঝাঁপ দেন ওই জওয়ান। ঘটনাটি নজরে পড়ে কর্তব্যরত রেল পুলিশ কর্মীদের। তাঁরাই তড়িঘড়ি সাহুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁর, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল।

যতদিন যাচ্ছে, করোনা আতঙ্ক ততই বাড়ছে ভারতে। দিন কয়েক আগে জরুরি কাজে এ রাজ্যে কর্মরত বেশ কয়েকজন আরপিএফ জওয়ান দিল্লিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। আরপিএফ সূত্রে খবর, ফেরার পর ৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যেই ৬ জনই আবার খড়গপুর ডিভিশনে কর্মরত। ঘটনাটি জানাজানি হতেই রেল শহরে আতঙ্ক আরও বেড়েছে। তারজেরেই কি আত্মহত্যার চেষ্টা করলেন এসপি সাহু? ঘটনা দেখে তেমনটাই মনে করা হচ্ছে। উল্লেখ্য, দিল্লি থেকে ফিরে হাওড়া উলুবেড়িয়াতেও হোম কোয়ারেন্টাইনে ছিলেন দু’জন আরপিএফ জওয়ান। সন্দেহজনক উপসর্গ দেখা দেওয়ায়, বুধবার তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ব্যারাকটি সিল করে দিয়েছে পুলিশ।

RELATED Articles

Leave a Comment