প্রশ্নের মুখে বিসলেরি! পরপর দু’টি পরীক্ষায় মিলল ক্ষ’তিকর রাসায়নিক, মামলার পথে FSSAI

দেশের অন্যতম জনপ্রিয় পানীয় জলের ব্র্যান্ড বিসলেরি নিয়ে এবার বড়সড় উদ্বেগ তৈরি হয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) জানিয়েছে, সংস্থার জলের নমুনা পরীক্ষায় একাধিক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, পরপর দু’বার পরীক্ষায় ব্যর্থ হয়েছে বিসলেরির জল। এরপরই ওই জলকে পান করার পক্ষে নিরাপদ নয় বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার অনুমতিও দেওয়া হয়েছে। রবিবার সোশাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আনে FSSAI।

জানা গিয়েছে, সম্প্রতি বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের একটি উৎপাদন কেন্দ্র থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করেছিলেন FSSAI-এর আধিকারিকরা। সেই নমুনা পরীক্ষার পর জলে অতিরিক্ত মাত্রায় ব্রোমেটের উপস্থিতি ধরা পড়ে। ব্রোমেট এমন একটি রাসায়নিক, যা সাধারণত জল পরিষ্কার করার সময় ওজোনের সঙ্গে বিক্রিয়ার ফলে তৈরি হতে পারে। নিয়ম অনুযায়ী, পানীয় জলে প্রতি লিটারে ব্রোমেটের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ০.০১ মিলিগ্রাম। কিন্তু পরীক্ষায় দেখা যায়, বিসলেরির জলে এই রাসায়নিকের পরিমাণ নির্ধারিত সীমার তুলনায় অনেকটাই বেশি।

প্রথম পরীক্ষার রিপোর্ট সামনে আসার পর FSSAI-এর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে বিসলেরি কর্তৃপক্ষ। এরপর নতুন করে জলের নমুনা পাঠানো হয় একটি বিশেষ রেফারেল পরীক্ষাগারে। কিন্তু দ্বিতীয় পরীক্ষার ফলও সংস্থার পক্ষে যায়নি। সেখানে জলের মধ্যে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা PAHs-এর উপস্থিতি পাওয়া যায়। ব্রোমেটের মতো এই রাসায়নিকও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং ক্যানসারের ঝুঁকির সঙ্গে যুক্ত। ফলে দ্বিতীয়বারের পরীক্ষাতেও বিসলেরির জলকে অনিরাপদ বলে চিহ্নিত করা হয়।

দুটি পরীক্ষার রিপোর্ট সামনে আসার পরই কড়া অবস্থান নেয় FSSAI। সংস্থার বক্তব্য, পরীক্ষাগারের রিপোর্টের ভিত্তিতে নিয়ম মেনেই বিসলেরির ওই পানীয় জলকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সংস্থাটির বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতিও দেওয়া হয়েছে। অর্থাৎ, এবার শুধু জলের গুণমান নিয়ে প্রশ্ন নয়, গোটা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের পথও খুলে গেল। তবে এই অভিযোগ সামনে আসার পর এখনও পর্যন্ত বিসলেরি কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ বিগ বসের মঞ্চে যে স্বপ্নের কথা জানিয়েছিলেন, শো থেকে বেরিয়েই তা সত্যি করলেন আলেকজান্দ্রা! মায়ের জন্য কী কিনলেন অভিনেত্রী?

উল্লেখ্য, বিসলেরির দাবি, তাদের প্রতিটি বোতলের জল মোট ১০টি ধাপে পরিশোধন করা হয় এবং ৯০টি আলাদা মান যাচাইয়ের মধ্য দিয়ে যায়। দেশের বহু মানুষ নিয়মিত এই ব্র্যান্ডের পানীয় জল ব্যবহার করেন। তাই পরপর দুটি পরীক্ষায় ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি ধরা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। বিশেষ করে পানীয় জলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন বিসলেরি কর্তৃপক্ষ এই অভিযোগের জবাবে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর