নেতাজি বিতর্কে ফাঁসলেন রাহুল গান্ধী! থানায় অভিযোগ, সরব হিন্দু মহাসভা!

নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) শুধুমাত্র ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অমর কিংবদন্তি নন, তিনি জাতীয়তাবাদের প্রতীক। তাঁর বীরত্ব ও আত্মত্যাগ দেশের প্রতিটি মানুষকে আজও অনুপ্রাণিত করে। নেতাজির জীবন রহস্য ও তাঁর মৃত্যুর দিন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে বিতর্ক। অথচ সেই অমীমাংসিত ইতিহাসে নতুন করে আগুন জ্বালালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক মন্তব্যের জেরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ—সবাই একযোগে প্রশ্ন তুলছেন, এমন সংবেদনশীল বিষয়ে তিনি কীভাবে মন্তব্য করলেন?

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এদিন কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা (Akhil Bharatiya Hindu Mahasabha)। তাঁদের দাবি, নেতাজির জন্মদিন উপলক্ষে রাহুল গান্ধী একটি পোস্টে ১৮ই আগস্ট, ১৯৪৫ সালকে নেতাজির মৃত্যুদিন বলে উল্লেখ করেছেন। এই মন্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে হিন্দু মহাসভা। সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী সরাসরি রাহুলের বিরুদ্ধে “নেতাজি এবং তাঁর আদর্শের প্রতি অবমাননা” করার অভিযোগ তুলেছেন।

চন্দ্রচূড় গোস্বামী এদিন সরাসরি আক্রমণ করে বলেন, ‘‘রাহুল গান্ধীর শরীরে যাদের রক্ত বইছে, তারা চক্রান্ত করে নেতাজিকে প্রথম দলছাড়া ও পরে দেশছাড়া করেছিল। রাহুল এবং তাঁর পূর্বপুরুষরা বরাবরই নেতাজি এবং তাঁর আদর্শকে মুছে দেওয়ার চেষ্টা করেছে।’’ শুধু অভিযোগ দায়ের করেই থেমে থাকেনি হিন্দু মহাসভা। নেতাজি ভবনের সামনে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়।

বিতর্কের কেন্দ্রে থাকা পোস্টটি ঘিরেই উঠেছে আরও অনেক প্রশ্ন। নেতাজির মৃত্যুর দিন নিয়ে কোনও ঐতিহাসিক প্রমাণ নেই। অথচ সেই বিতর্কিত বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার সাহস কোথা থেকে পেলেন রাহুল? চন্দ্রচূড় গোস্বামীর দাবি, “এই ধরনের মন্তব্যের মাধ্যমে রাহুল গান্ধী নেতাজিকে অপমান করেছেন।” পাশাপাশি, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আগামী দিনে যে-ই নেতাজি সম্পর্কে কোনও অপমানজনক মন্তব্য করবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে হিন্দু মহাসভা।’’

আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই বাংলায় ফের রেল দুর্ঘটনা! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন?

এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাজি প্রেমীরা। তাঁদের মতে, “নেতাজির মত একজন মহান জাতীয় নেতাকে নিয়ে মন্তব্য করার আগে আরও সংযমী হওয়া উচিত ছিল রাহুলের।” এদিকে, কংগ্রেসের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে রাজনীতি যে এই ইস্যুতে নতুন মোড় নিতে চলেছে, তা বলাই বাহুল্য। সবার নজর এখন রাহুলের পরবর্তী পদক্ষেপের দিকে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles