সঞ্জয়ের ফাঁসির পথে বাঁধা! রাজ্যের আর্জি খারিজ করে সিবিআইয়ের পক্ষে রায় হাই কোর্টের!

আরজি কর (RG KAR) হাসপাতালে এক তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ ও খুনের ঘটনা গোটা রাজ্যকে শোকস্তব্ধ করেছিল। সমাজের বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় এই ঘটনা। তরুণীর প্রতি অমানবিক অত্যাচার এবং নির্মম খুনের ঘটনায় সারা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছিল। এরপর তদন্তভার নেয় সিবিআই। বহু প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই ঘটনার বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক অব্যাহত ছিল।

আরজিকর-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের ফাঁসির শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। তবে শুক্রবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। সিবিআই-এর পক্ষ থেকে একই ধরনের আবেদন জমা পড়েছিল আদালতে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আবেদনই গ্রহণযোগ্য। কারণ তদন্ত সিবিআই পরিচালনা করেছে। রাজ্যের আবেদন গ্রহণযোগ্য নয় বলেই জানায় আদালত।

শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল। চার্জশিটে সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত বলে উল্লেখ করেছিল সিবিআই। তারা সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছিল। কিন্তু শিয়ালদহ আদালত জানায়, ঘটনাটি ‘বিরলের মধ্যে বিরলতম’ নয়। তাই সঞ্জয়কে ফাঁসির বদলে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল রাজ্য। তবে আদালত জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সিবিআইয়ের আবেদনই গ্রহণযোগ্য।

অন্যদিকে, নির্যাতিতার পরিবার সঞ্জয়ের ফাঁসির বিরোধিতা করেছে। তাঁদের মতে, একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। অন্য কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে। তাঁরা আরও তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সঞ্জয়কে ফাঁসি দেওয়া হলে প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। ফলে রাজ্য এবং সিবিআইয়ের আবেদনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।

আরও পড়ুনঃ খাদ্য রসিকদের মাথায় হাত! বাজলো বিদায়ের সুর! ১৭ বছরের গল্পে ইতি টানল জোম্যাটো!

এই ঘটনায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই। তাদের মতে, নির্যাতিতা বা অভিযুক্ত সঞ্জয়, কেউই হাইকোর্টে আবেদন করেনি। তবুও রাজ্যের এই পদক্ষেপ যথাযথ নয়। অপরদিকে, রাজ্যের যুক্তি, আইনশৃঙ্খলা এবং তদন্তের দায়িত্ব তাদের, তাই তাদের আবেদন বৈধ। কিন্তু এ নিয়ে বিতর্ক ও টানাপোড়েন বজায় থাকায় সমাজের সামনে বড় প্রশ্ন থেকে যাচ্ছে—আরজিকর-কাণ্ডে প্রকৃত ন্যায়বিচার আদৌ সম্ভব হবে কি?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles